
দেশে তৈরি হয়েছে পাঞ্জাবি; কিন্তু তা বিক্রি করা হচ্ছিল ভারতীয় বলে। দেশের পাঞ্জাবিতে ভারতীয় স্টিকার। আর এভাবে পোশাক বিক্রি করছিল ‘রাজস্থান’ নামের একটি প্রতিষ্ঠান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জালিয়াতি ধরা পড়েছে চট্টগ্রাম নগরের টেরিবাজারে। অভিযানে রাজস্থান নামের ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আজ শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজস্থানসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
একই অভিযানে ‘খাজানা’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি পোশাকের পুরোনো স্টিকারের ওপর নতুন স্টিকার লাগিয়ে দাম বাড়িয়ে দেয়। অভিযানে তা ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
এ ছাড়া অভিযানে ‘কুদু’ নামের একটি দোকানকে মেয়াদোত্তীর্ণ ইফতারসামগ্রী বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, অভিযানের সময় রাজস্থানে একই পাঞ্জাবিতে ভারতীয় ও বাংলাদেশি দুটি আলাদা ট্যাগ পাওয়া যায়। যাচাই করে দেখা গেছে, বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় উল্লেখ করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এ জন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।