
মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার খাগুড়িয়া গ্রামের মাদকাসক্ত ছেলে বাবু মিয়াকে (৩০) তাঁর বাবা আজিজল মণ্ডল আজ শনিবার দুপুরে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয় খাগুড়িয়া গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের আজিজল মণ্ডল ও তাঁর স্ত্রী হাওয়া বেগম দীর্ঘদিন ধরে ছেলে বাবু মিয়ার অত্যাচার সহ্য করছিলেন। ছেলেকে মাদক সেবন ও জুয়া খেলার টাকা না দিলে বাবা-মাকে তিনি মারধর করছিলেন। টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে বাবু মিয়া বাবা-মাকে প্রায়ই মারধর করেন। মারধর সহ্য করতে না পেরে এক মাস ধরে বাবা আজিজল ও মা হাওয়া বেগম নিজ বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে বসবাস করছিলেন।
আজ দুপুরে মাদকাসক্ত ছেলে বাবু মিয়া তাঁর বাবা-মাকে মারধর করেন। মারধর সহ্য করতে না পেরে বাবা-মা সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ বাড়িতে গেলে মাদকাসক্ত বাবু মিয়াকে গ্রামবাসীর সহযোগিতায় বাবা-মা পুলিশে সোপর্দ করেন।
বাবা আজিজল মণ্ডল বলেন, ‘মাদক ও জুয়া খেলার টাকা না দিলে আমাদের বাবু মারধর করে। মারধর থেকে রক্ষা পেতে এক মাস ধরে ভয়ে বাড়িতে যাইতে পারি না।
অন্যের বাড়িতে থাকি। আজ বাড়িতে যাওয়ার সময় ফের আমাদের মারধর করে।’ খবর পেয়ে পুলিশ বাড়ি এলে মাদকাসক্ত ছেলে বাবু মিয়াকে পুলিশে সোপর্দ করা হয়।
খাগুড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাবা তাঁর ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন।
সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘মাদকাসক্ত ছেলে বাবুকে তাঁর বাবা আমাদের কাছে সোপর্দ করেছে। বাবুর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।’