চলতি মৌসুমের শুরুতে গম চাষে উৎসাহী করতে দুই হাজার কৃষককে ব্লাস্টপ্রতিরোধী জাতের বীজ ও সার দেওয়া হয়।

যশোর জেলায় আগে প্রচুর গমের চাষ হতো। তবে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবে যশোরে গম চাষ বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। সেই অবস্থা থেকে জেলার গমচাষিরা ঘুরে দাঁড়িয়েছেন। ২০১৫-১৬ মৌসুমে জেলায় ৪ হাজার ৪০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। ব্লাস্ট রোগের প্রকোপে পরের মৌসুমে একলাফে তা নেমে আসে ৫৩০ হেক্টরে। ব্লাস্ট রোগ থেকে পরিত্রাণ পেতে বন্ধ করে দেওয়া হয় কৃষকদের মধ্যে সরকারি বীজ সরবরাহ। এর পরের মৌসুমে গম চাষ নেমে আসে ৬৮ হেক্টর জমিতে।
তবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (ডব্লিউএমআরআই) প্রচেষ্টায় ব্লাস্টপ্রতিরোধী গমের জাত উদ্ভাবন হওয়ায় ধীরে ধীরে গম চাষ আবার বাড়তে শুরু করেছে। চলতি মৌসুমের শুরুতে গম চাষে উৎসাহী করতে কৃষি বিভাগ কৃষকদের প্রণোদনা দেয়। জেলার দুই হাজার কৃষককে ব্লাস্টপ্রতিরোধী গমের বীজ দেওয়া হয়। দেওয়া হয় সার। তাতে যশোরে গমের আবাদ বেড়েছে। এবার জেলায় ৬২৪ হেক্টর জমিতে চাষ হয়েছে। গত বছরের চেয়ে যা ১৩৪ হেক্টর বেশি।
সম্প্রতি জেলার মনিরামপুর ও অভয়নগর উপজেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, মাঠের সব গম পেকে গেছে। বেশির ভাগ খেতের গম কাটা হয়েছে। গম কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক মো. মঞ্জুরুল হক বলেন, ব্লাস্টের কারণে ২০১৭-১৮ মৌসুমে জেলায় গম চাষের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। তবু আবাদ হয় ৬৮ হেক্টর জমিতে। ২০১৮-১৯ মৌসুম থেকে জেলায় গমের আবাদ অল্প অল্প করে বাড়তে থাকে। গত ২০২০-২১ মৌসুমে আবাদ বেড়ে দাঁড়ায় ৭৪৫ হেক্টর জমি। ২০২১-২২ মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭৪৫ হেক্টর জমি। কিন্তু আবাদ কমে দাঁড়ায় ৪৯০ হেক্টর জমিতে। চলতি ২০২২-২৩ মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৪০ হেক্টর জমি। কিন্তু চাষ হয়েছে ৬২৪ হেক্টর জমিতে।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমের শুরুতে গম চাষে উৎসাহী করতে কৃষকদের প্রণোদনা দেওয়া হয়েছে। জেলার দুই হাজার কৃষককে ২০ কেজি করে ব্লাস্টপ্রতিরোধী বারি গম-৩০, বারি গম-৩২ ও বারি গম-৩৩ জাতের বীজ এবং ১০ কেজি করে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) ও ১০ কেজি করে এমওপি (মিউরেট অব পটাশ) সার দেওয়া হয়।
গম গবেষকেরা বলছেন, গমের ব্লাস্ট (ম্যাগনাপরথি ওরাইজি ট্রিটিকাম) একটি ক্ষতিকর ছত্রাকজনিত রোগ। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে এ রোগ দেখা দেয়। দেশের যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সাতটি জেলার প্রায় ১৫ হাজার হেক্টর জমির গম ব্লাস্ট রোগের আক্রমণের শিকার হয়।
কৃষকেরা মূলত বারি গম-২৬ জাতটি বেশি পরিমাণে চাষ করেন। ওই জাতের গমে ব্লাস্ট ব্যাপক আকারে আক্রমণ করে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট যশোর আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘২০১৬ সালে প্রথম গমের ব্লাস্ট রোগটি আমাদের দেশে দেখা দেয়। গমে এই রোগটি দেখা দেওয়ার পর গবেষণা শুরু হয়। এরপর বারি গম-৩৩ নামে নতুন ব্লাস্টপ্রতিরোধী একটি জাত উদ্ভাবন করা হয়। এরই ধারাবাহিকতায় গমের ব্লাস্ট রোগপ্রতিরোধী ডব্লিউএমআরআই গম-৩ জাতটি উদ্ভাবন করা হয়েছে। তবে এ বছর যশোরে বেশির ভাগ জমিতে বারি গম-৩৩ আবাদ হয়েছে।’
অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামের কৃষক আজিবর গাজী বলেন, ‘১০ কাঠা জমিতে এবার গম বুনেছিলাম। জমিতে আমার সাড়ে ছয় মণ গম হয়েছে।’ মনিরামপুর উপজেলার ভোজগাতী গ্রামের কৃষক রাসেল উদ্দীন বলেন, ‘এবার আড়াই বিঘা জমিতে বারি গম-৩৩ জাতের গমের চাষ করেছি। গমে কোনো ব্লাস্ট রোগ লাগেনি। গম কেটে মাড়াই করেছি। ৩৮ মণ গম পেয়েছি। বাজারে এবার গমের দাম ভালো। এখন ১ হাজার ৭০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা মণ দরে গম বিক্রি হচ্ছেযে