হাজী দা‌নেশ বিশ্ববিদ্যালয়

মঞ্চের সামনে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে সংঘর্ষ, আহত ৩০

রাত আটটায় সংঘ‌র্ষ শুরু হয়। প্রায় সা‌ড়ে চার ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ চ‌লে
ছবি: প্রথম আলো

দিনাজপুরে হাজী মোহাম্মদ দা‌নেশ বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ্যাল‌য় শাখা ছাত্রলী‌গের দু‌ই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের একটি হলে অনুষ্ঠান মঞ্চে সামনের সারিতে বসা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার জেরে সংঘ‌র্ষের এই ঘটনা ঘ‌টে।

গতকাল শ‌নিবার রাত আটটায় এ সংঘ‌র্ষ শুরু হয়। প্রায় সা‌ড়ে চার ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ চ‌লে। দিবাগত রাত সা‌ড়ে ১২টার দিকে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক হ‌তে শুরু করে। আহত শিক্ষার্থীরা দিনাজপুরে এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়টির চিকিৎসা কেন্দ্রে চি‌কিৎসাধীন।

আহত শিক্ষার্থীরা এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চি‌কিৎসাধীন

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, গত বৃহস্প‌তিবার বি‌কে‌লে শেখ রা‌সেল হ‌লে শেখ রা‌সেল কর্ণা‌রের উদ্বোধন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের মঞ্চে সাম‌নে বসা ছি‌লেন ছাত্রলী‌গের একাংশের নেতা আলমগীর হো‌সেন আকাশ ও তাঁর অনুসারীরা। আকাশ ওই হ‌লের নুর হো‌সেন অং‌শের আবা‌সিক শিক্ষার্থী। এ সময় সেখা‌নে উপ‌স্থিত হন ছাত্রলী‌গের অপর অংশের নেতা রিয়াদ খান (‌শেখ রা‌সেল এক্স‌টেনশন হ‌লের আবা‌সিক শিক্ষার্থী), সাফকুল ইসলাম সজল ও তাঁর অনুসারী নেতা–কর্মীরা।

সেখা‌নে আকাশ ও রিয়াদের কথা কাটাকা‌টি হয়। প‌রদিন আকাশের অনুসারী শোয়াইব ফেসবু‌কে রিয়াদ ও সজলদের গা‌লিগালাজ ক‌রে ফেসবুক স্ট্যাটা‌স দেন। সেই ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র ক‌রে শ‌নিবার সন্ধ্যায় সজল ও রিয়াদ বিশ্ববিদ্যাল‌য়ের প্রধান ফট‌কের সাম‌নে আকা‌শকে লাঞ্চিত করেন। এই ঘটনার প‌রে আকাশের অনুসারীরা সেখানে জ‌ড়ো হ‌লে দুই পক্ষের ম‌ধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

নাম প্রকা‌শে অনিচ্ছুক কৃ‌ষি অনুষ‌দের এক শিক্ষার্থী ব‌লেন, ঘটনার সূত্রপাত মুলত হ‌লের আসন ভাগাভা‌গি নি‌য়ে। ক‌য়ে‌ক‌ দিন আগে জিয়াউর রহমান হ‌লের কিছু আসন আকাশ পক্ষের ও সজল-‌রিয়াদ পক্ষের ম‌ধ্যে ভাগাভা‌গি নি‌য়ে কথা কাটাকা‌টি হয়েছিল। তারই রেশ ধ‌রেই আজ‌কের সংঘর্ষ।

এ বিষ‌য়ে বিশ্ববিদ্যাল‌য়ের প্রক্টর মামুনুর র‌শিদ ব‌লেন, প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে আমরা কাজ কর‌ছি। শিক্ষার্থী‌দের সঙ্গে আলোচনাও চলছে। প‌রি‌স্থি‌তি বর্তমানে স্বাভা‌বিক। ১৫ থে‌কে ২০ জন শিক্ষার্থী আহত হ‌য়ে‌ছে। ত‌বে কারও অবস্থা গুরুতর নয়। তাঁদের শান্ত কর‌তে আমরা কাজ কর‌ছি।

দিনাজপুরের অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর) শেখ জিন্নাহ আল মামুন ব‌লেন, সন্ধ্যার কিছু প‌রেই সংঘর্ষ শুরু হয়। খবর পে‌য়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থ‌লে আসি। রাত ১১টা ৫০ মি‌নিট পর্যন্ত ক্যাম্পা‌সে প্রবে‌শে কর্তৃপ‌ক্ষ আমাদের অনুম‌তিই দেয়নি। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আমরা তৎপর রয়েছি।