
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল থেকে ১ হাজার ২৫ কিলোমিটার দূরে (দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে) অবস্থান করছে। সেখানে মোখা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলেও কক্সবাজার সমুদ্রসৈকতের অবস্থা এখনো স্বাভাবিক। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কক্সবাজারের আকাশ পরিচ্ছন্ন, ঝড়-বৃষ্টিও নেই। টানা ১৯-২০ দিন ধরে কক্সবাজারে দাবদাহ পরিস্থিতি চলছে। এমন পরিস্থিতিতে হাজারো পর্যটক সমুদ্রের লোনাপানিতে নেমে গোসল করছেন।
সমুদ্রে গোসলে নেমে কোনো পর্যটক যেন বিপদে না পড়েন, সে জন্য জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড বাহিনীর পক্ষ থেকে চালানো হচ্ছে সতর্কতামূলক প্রচারণা।
আজ সকাল ১০টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে গিয়ে দেখা গেছে, কয়েক হাজার পর্যটক সমুদ্রে নেমে গোসল করছেন। দূরে দাঁড়িয়ে কয়েক ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মী পর্যটকের নজরদারি করছেন। তখনো সাগরের পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। আকাশ পরিষ্কার, তীব্র দাবদাহ পরিস্থিতিতে উত্তর দিক থেকে কিছুক্ষণ পরপর ছুটে আসা হালকা বাতাস পর্যটকদের প্রশান্তি দিচ্ছে।
সকাল সাড়ে ১০টার দিকে উত্তর দিকের সুগন্ধা পয়েন্টে গিয়েও কয়েক হাজার পর্যটককে সমুদ্রের পানিতে নেমে গোসল করতে দেখা যায়। সুগন্ধার উত্তরে সিগ্যাল ও লাবনী পয়েন্টেও গোসল করতে দেখা যায় বহু পর্যটককে। গোসলে নেমে কোনো পর্যটক যেন ভেসে না যান, সে জন্য বালুচরে দাঁড়িয়ে এবং কোমরপানিতে নেমে পর্যটকদের নজরদারিতে রাখছেন সি সেফ লাইফগার্ড প্রতিষ্ঠানের ২৫ কর্মী।
বেলা ১১টার দিকে সুগন্ধা পয়েন্টে কথা হয় সি সেফ লাইফগার্ডের সুপারভাইজার সিফাত সাইফুল্লাহ সঙ্গে। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা বলা হলেও কক্সবাজার সৈকতের অবস্থা এখনো স্বাভাবিক। দাবদাহ পরিস্থিতিতে আকাশ পরিষ্কার, সাগর শান্ত, বাতাসও নেই। তবে সমুদ্রের ঢেউগুলো কিছুটা এলোমেলোভাবে উপকূলে আছড়ে পড়ছে। এতে ধারণা করা হচ্ছে, সমুদ্রের অবস্থার পরিবর্তন ঘটতে পারে। তিনি বলেন, এমন পরিস্থিতিতেও আজ বেলা ১১টা পর্যন্ত অন্তত ১২ হাজার পর্যটক সমুদ্রে নেমে গোসল করেছেন। বিকেলে পর্যটকের সংখ্যা দ্বিগুণ হতে পারে। ২ নম্বর হুঁশিয়ারি সতর্কসংকেত থাকায় সমুদ্রে নামতে কাউকে নিষেধ করা যাচ্ছে না।
বেলা ১১টার দিকে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে সৈকতের সুগন্ধা পয়েন্টে নামেন ঢাকার আরামবাগ এলাকার ব্যবসায়ী কামরুল হাসান (৪৫)। দাবদাহ পরিস্থিতি সহ্য করতে না পেরে স্ত্রী ও মেয়েকে বালুচরে বসানো কিটকটে (চেয়ার-ছাতা) রেখে সমুদ্রে গোসলে নামেন তিনি। ১৫-২০ মিনিট পর পানি থেকে উঠে এসে তিনি বলেন, এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক, পরিষ্কার আকাশ। সাগরও অন্যান্য দিনের মতো শান্ত। সেখান থেকে দূরে সাগরে অনেক নৌকাকে মাছ ধরতে দেখা যাচ্ছিল।
জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, মোখা অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলেও শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কক্সবাজারের পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক আছে। সাগর শান্ত আছে। গোসলে নেমে কোনো পর্যটক যেন বিপদে না পড়েন, সে জন্য আগাম সতর্কতা হিসেবে বালুচরে একাধিক লাল নিশানা উড়ানো হচ্ছে। চলছে ঘূর্ণিঝড় ও সতর্কতা নিয়ে প্রচারণা।
বেলা ১১টার দিকে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার থেকে ১ হাজার ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল হচ্ছে। বর্তমানে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানো হলেও সংকেত বাড়তে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, এ ঘূর্ণিঝড় আগামী রোববার দুপুরের দিকে কক্সবাজারের টেকনাফ উপকূল অতিক্রম করতে পারে। অবশ্য এর আগে আগামীকাল শনিবার সন্ধ্যা থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার ও এর আশপাশের এলাকা এবং সেই সঙ্গে দেশের অন্যত্র বৃষ্টি হবে। আর ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে।
আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের সঙ্গে অতি ভারী বৃষ্টি, প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রবৃষ্টি ও জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টির ফলে ভূমিধস হওয়ার আশঙ্কা থাকে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টির যে গতিপ্রকৃতি, তাতে এটি কক্সবাজারের টেকনাফের দক্ষিণ দিক দিয়ে যাবে বলে জানান আজিজুর রহমান। তিনি বলেন, মূলত টেকনাফে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। কক্সবাজারের অন্য এলাকাতেও হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটার হলে সেটি হয় সাইক্লোন বা ঘূর্ণিঝড়। বাতাসের গতিবেগ ৮৮ থেকে ১১৭ হলে তাকে বলা হয় প্রবল ঘূর্ণিঝড়। আর বাতাস যদি ১১৭ থেকে ২২০ কিলোমিটার বেগে বয়, তবে তা হয় অতি প্রবল ঘূর্ণিঝড়। আর ২২০ কিলোমিটারের ওপরে বাতাসের গতিবেগ উঠলে তাকে সুপারসাইক্লোন বলা হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ১৪ মে (রোববার) কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাব পড়তে পারে টেকনাফ, সেন্ট মার্টিন, মহেশখালী ও কুতুবদিয়ায়। বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপের প্রায় পুরোটা জলোচ্ছ্বাসের সময় ডুবে যেতে পারে। এর চারপাশে বাঁধ না থাকায় এবং সেখানে প্রচুর অবকাঠামো থাকায় ঝুঁকি সবচেয়ে বেশি।