
জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আজ সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন জইমুদ্দিন (৫৮)। তিনি আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, জইমুদ্দিন তাঁর স্ত্রী আনোয়ারা বেগমকে নিয়ে বারইল গ্রামে বসবাস করতেন। ২০০২ সালের ১৯ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে পারিবারিক কলহের জেরে জইমুদ্দিন স্ত্রী আনোয়ারাকে গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা করেন। এরপর তিনি বাড়ির পাশে একটি পুকুরে আনোয়ারার লাশ ডুবিয়ে রাখেন।
পরদিন সকালে জইমুদ্দিন বাইরে কাজ করতে যান। ওই দিন সকালে স্বজনেরা বাড়িতে এসে ঘরের ভেতর আলু-পটোল ছড়িয়ে–ছিটিয়ে থাকতে দেখেন। আনোয়ারা বাড়ির আশপাশেই আছেন ভেবে স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাঁরা বাড়ির পাশের পুকুরের পানিতে একটি পা ভেসে উঠতে দেখেন। পরে লাশটি তাঁরা তুলে আনে।ওই দিন লাশটি পুলিশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আ. রহমান বাদী হয়ে ২০ আগস্ট আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০২ সালের ২১ নভেম্বর আদালতে জইমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে মামলার রায় ঘোষণা করেন।