বগুড়ায় আদালতে যাওয়ার পথে হামলার শিকার সেই শিক্ষানবিশ আইনজীবী মারা গেছেন

আবদুল বারী বাসা থেকে আদালতে যাওয়ার সময় হামলার শিকার হন
ছবি: সংগৃহীত

বগুড়ায় আদালতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আহত শিক্ষানবিশ আইনজীবী আবদুল বারী ওরফে চান মিয়া মণ্ডল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চার দিন ধরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর আজ শনিবার সকাল নয়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় বাসা থেকে আদালতে যাওয়ার পথে দুর্বৃত্তরা আবদুল বারীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে আইসিইউতে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে রাখা হয়েছিল।

হাসপাতালের সহকারী পরিচালক জাকারিয়া রানা প্রথম আলোকে বলেন, নিউরোসার্জারি বিভাগে অস্ত্রোপচারের পর অচেতন অবস্থায় ওই রোগীকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তাঁর চিকিৎসায় নিউরোসার্জারি বিভাগের প্রধান সুশান্ত কুমার সরকারকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু চার দিনেও তাঁর জ্ঞান ফেরেনি। আজ সকাল নয়টার দিকে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাসেদ বলেন, আবদুল বারী জেলা আদালতে ফজলুল বারী নামের এক জ্যেষ্ঠ আইনজীবীর অধীন কাজ করতেন। তিনি বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং বিএনপি–সমর্থিত আইনজীবীদের সঙ্গে মিশতেন। হামলার কয়েক মিনিট আগে বগুড়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সফলতা কামনা করে ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন শিক্ষানবিশ এই আইনজীবী।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মঙ্গলবার সকালে আদালতের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে চকফরিদ উত্তরপাড়ার গলির ভেতর হামলার শিকার হন আবদুল বারী। জমিজমাসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় তাঁর স্ত্রী রুনা মাহমুদ পাঁচজনের নাম উল্লেখ করে ওই দিনই থানায় মামলা করেন। পুলিশ ইতিমধ্যে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।