সংবাদ সম্মেলনে অভিযোগ

পাবনায় কর্মসূচি থেকে ফেরার পথে ছাত্রলীগ ও যুবলীগের হামলা, বিএনপির ১০ নেতা আহত

পাবনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার পাবনা শহরের ট্রাফিক মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে কর্মসূচি পালন শেষে ফেরার পথে বিএনপি নেতা–কর্মীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  হাবিবুর রহমানসহ ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি নেতারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পৈলানপুর এলাকার দিকে যাচ্ছিলেন। বিদ্যুৎ অফিস যাওয়ার আগেই বড় ব্রিজ এলাকায় পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা শহরের ঘোড়া স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন। একই সময় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা পাশের ট্রাফিক মোড় এলাকায় অবস্থান নেন। সমাবেশ শেষে ফেরার পথে সরকারদলীয় ওই সব নেতা-কর্মী তাঁদের ওপর হামলা চালান। এতে তিনিসহ (হাবিবুর রহমান) অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন।  

হাবিবুর রহমান বলেন, ‘আমরা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে করেছি। ফেরার পথে আওয়ামী সন্ত্রাসী বাহিনী অতর্কিত আমাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ বাহিনীর উপস্থিতিতেই এই নারকীয় হামলা চালানো হয়েছে। পুলিশ তাঁদের (ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা) কিছু বলেনি। নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

পাবনায় অবস্থান কর্মসূচি পালনের জন্য বিদ্যুৎ কার্যালয়ে যাওয়ার আগে বড় ব্রিজ এলাকায় বিএনপি নেতা–কর্মীদের বাধা দেয় পুলিশ ।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জোষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ খান, সদস্যসচিব মাসুদ খোন্দকারসহ জেলা বিএনপির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিএনপি নেতা–কর্মীরা সমাবেশ শেষ করে ছোট ছোট দলে ফিরছিলেন। এ সময় হঠাৎ করেই কিছু যুবক তাঁদের ওপর চড়াও হন। তাঁরা তাঁদের চড়-থাপ্পড় দিতে থাকেন। বিএনপি নেতারা আত্মরক্ষার্থে দৌড়াদৌড়ি শুরু করেন। কয়েকজন ট্রাফিক মোড় এলাকার লতিফ টাওয়ারে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানেও তাঁদের মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম বলেন, ‘দুপুরে আমাদের কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ ছিল। সমাবেশে বিএনপি নেতা-কর্মীরা হামলা চালানোর চেষ্টা করেন। আমাদের নেতা-কর্মীরা তাঁদের প্রতিহত করেছেন মাত্র। কারও ওপর হামলা চালায়নি। আওয়ামী লীগ কারও ওপর হামলা চালায় না।’
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  ডিএম হাসিবুল বেনজীর বলেন, ‘শহরে ছাত্রলীগ-যুবলীগ নেতা–কর্মীরা সমাবেশ করছিল। এ সময় বিএনপি নেতা-কর্মীরা তাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু হট্টোগোল হয়েছে বলে জেনেছি। কোনো হামলার ঘটনা আমাদের জানা নেই। আমরা বিষয়টি তদন্ত করছি।’