
কুমিল্লা মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটায় নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কের দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের করার পরপরই পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
তবে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জু মোর্শেদ প্রথম আলোকে বলেন, বিএনপির নেতারাই পদযাত্রা থামিয়ে দিয়েছেন। তাঁরা জড়ো হওয়ার পর পদযাত্রা করেননি। পুলিশ কোনো বাধা দেয়নি। পুলিশ দলীয় কার্যালয় ও লির্বাটি মোড়ে দাঁড়িয়ে ছিল।
কুমিল্লা মহানগর বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নগরের ২৭টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়ক লাগোয়া দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এরপর বিকেল সোয়া পাঁচটার দিকে পদযাত্রা নিয়ে বের হন তাঁরা। পদযাত্রাটি কান্দিরপাড় লিবার্টি মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। এরপর বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উত্বাতুল বারী, সদস্যসচিব ইউসুফ মোল্লা, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ও দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বক্তব্য দেন।
‘গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার ও পুলিশি হয়রানি বন্ধ, সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়েছিল।
মহানগর বিএনপির আহ্বায়ক উত্বাতুল বারী প্রথম আলোকে বলেন, ‘শান্তিপূর্ণ পদযাত্রা নগরের চকবাজার এলাকা পর্যন্ত করতাম আমরা। এর আগেই পুলিশ বাধা দেয়। বিএনপির নেতা-কর্মীদের দেখে সরকার ভয় পাচ্ছে। তারা এখন পুলিশ দিয়ে আমাদের বাধা দিচ্ছে।’