জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চার ছাত্রসংগঠনের মশালমিছিল শেষে সমাবেশ। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে
ছবি: প্রথম আলো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল করেছে চারটি ছাত্রসংগঠন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে একটি প্রতিবাদ সমাবেশ থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, ছাত্র ফেডারেশন এবং রাকসু আন্দোলন মঞ্চের অন্তত ১৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসানের সঞ্চালনায় সমাবেশে রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ বলেন, জ্বালানি তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অপরিকল্পিতভাবে বাড়িয়ে মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সরকার। অল্প আয়ের মানুষের আয় বাড়ছে না, কিন্তু ঠিকই গুটিকয় সংসদ সদস্য, মন্ত্রী, সুবিধাবাদী আমলা, দুর্নীতিবাজ দেশটাকে লুটেপুটে খেয়ে বাইরের দেশে টাকা পাচার করছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন বলেন, যখন বিশ্ববাজারে তেলের দাম কমছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের সরকার আইএমএফের কাছে ঋণ নিতে তেলের দাম বাড়িয়েছে। ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। এই সরকার মানুষের আয় না বাড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে।

বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান বলেন, জনবিরোধী সরকার তেলের ও গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে। যত দিন এই সরকারের স্বৈরাচারী শাসন চলবে, তত দিন আন্দোলন অব্যাহত থাকবে।