
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে ও বুধবার সকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ১২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। সংঘর্ষে নুরুল্লাগঞ্জ ও পাশের মানিকদহ ইউনিয়নের অন্তত সাত গ্রামের কয়েক শ লোক দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে অংশগ্রহণ করে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষ থামাতে ভাঙ্গা থানার পাশাপাশি ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ অংশ নেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নুরুল্লাগঞ্জ ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ সক্রিয় রয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেন নুরুল্লাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম। অপর পক্ষের নেতৃত্ব দেন নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম। তাঁরা দুজনই ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের অনুসারী।
গত মঙ্গলবার সন্ধ্যায় নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মোল্লাকান্দা গঙ্গাধরদী গ্রামের মসজিদে ইফতার চলাকালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা–কাটাকাটি হয়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানায়, গত মঙ্গলবার সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামের সমর্থক সরো ফকির ওই মসজিদে ইফতারের আয়োজন করেন। ওই সময় সরো ফকিরের সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহিন আলমের এক সমর্থকের মধ্যে বচসা হয়। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মঙ্গলবার রাতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
বুধবার সকাল আটটার দিকে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মোল্লাকান্দা গঙ্গাধরদী, ফকিরকান্দা গঙ্গাধরদী, দক্ষিণকান্দা গঙ্গাধরদী, ধর্মদী ও মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া, ব্রাহ্মণকান্দা গ্রামের লোকসহ আশপাশের আরও কয়েক গ্রামের লোক সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ সময় অন্তত ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ব্রাহ্মণকান্দা গ্রামের মজিবর শেখ (৪৩) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ও এলাকার বাইরে বিভিন্ন ক্লিনিকে চিকিসা নিয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের আধিপত্যের বিরোধে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার ইফতারের সময় দুই পক্ষের কথা– কাটাকাটি নিয়ে সংঘর্ষের সূত্রপাত। বুধবার সকালে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ দুটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটিক করা যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।