মারধর
মারধর

নাটোরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাবের ৫ সদস্য

নাটোরের লালপুর উপজেলায় মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় যুবকদের হামলার শিকার হয়েছেন র‍্যাবের গোয়েন্দা শাখার পাঁচ সদস্য। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সোহাগ মাহমুদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সোহাগ মাহমুদ নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

আহত র‍্যাব সদস্যদের গতকাল রাতেই লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, তাঁদের মধ্যে চারজন ব্যারাকে ফিরলেও শামীম হোসেন নামের একজন আজ বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন।

লালপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে র‍্যাব-৫–এর নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার ছয় সদস্য সাদাপোশাকে নবীনগর গ্রামে যান। এ সময় নদীর তীরবর্তী একটি স্থানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন যুবক। অভিযোগ উঠেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে র‍্যাব সদস্যদের মোটরসাইকেল আটকে দেন যুবকেরা। তর্কাতর্কির এক পর্যায়ে র‍্যাব সদস্যদের একাধিক মোটরসাইকেলের চাবি কেড়ে নেন তাঁরা। র‍্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালান ওই যুবকেরা।

খবর পেয়ে লালপুর থানা–পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে র‍্যাবের পাঁচ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, আহত র‍্যাব সদস্যদের শারীরিক আঘাতজনিত চিকিৎসা দেওয়া হয়েছে।

পুরাতন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন বলেন, তিনি র‍্যাব সদস্যদের মারধরের ঘটনাটি জেনেছেন। পরে লালপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে লালপুর থানার ওসি বলেন, ওই মামলায় ঘটনাস্থল থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।