অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে যুবক ও গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

কুমিল্লা জেলার মানচিত্র
কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগে বাহরাইনপ্রবাসী যুবক ও গৃহবধূকে প্রায় ৯ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার উপজেলার এলাহাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নির্যাতনের ঘটনায় এলাহাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন এলাহাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হাসেম সরকার (৫৫), স্থানীয় বাসিন্দা আবদুর রশিদ (৫৭), মো. রমজান (৪৫) ও সাদেকুর রহমান (৩৫)। এ ঘটনায় নির্যাতনের শিকার যুবক বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫-৯ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর প্রথম আলোকে বলেন, গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার কোনো সুযোগ নেই। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাহাবাদ ইউনিয়নের একটি গ্রামের বাহরাইনপ্রবাসী যুবকের সঙ্গে একই ইউনিয়নের আরেকটি গ্রামের বাহরাইনপ্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চলছিল বলে অভিযোগ ওঠে। গতকাল ভোরে বাহরাইনপ্রবাসীর স্ত্রী বাড়িতে যান ওই যুবক। তখন ওই গৃহবধূ ও যুবককে একটি ঘরে তালাবদ্ধ করেন স্বজন ও প্রতিবেশীরা। পরে অনৈতিক সম্পর্কের অভিযোগে তাঁদের দুজনকে প্রায় ৯ ঘণ্টা গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সালিস বৈঠক হয়। সালিসে ওই গৃহবধূকে তাঁর প্রবাসী স্বামী বাড়িতে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মর্মে এক কাপড়ে বাবার বাড়িতে এবং যুবককে তাঁর স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এলাহাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হাসেম সরকারের সভাপতিত্বে ওই সালিসে উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

নির্যাতনের শিকার গৃহবধূ প্রথম আলোকে বলেন, ওই যুবক গতকাল রাত তিনটার দিকে তাঁর ঘরের দরজায় নক করলে তিনি দরজা খুলে দেন। এরই মধ্যে কিছু লোক এসে তাঁর ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে দেন। পরে সালিসে তাঁকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

নির্যাতনের বিষয়ে ইউপি সদস্য আবুল হাসেম সরকার বলেন, যেহেতু তাঁরা অপরাধ করেছেন, তাই এলাকাবাসী তাঁদের গাছের সঙ্গে বেঁধে রাখে। এ ঘটনায় সালিসে তাঁদের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার না থাকায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যার যার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই গৃহবধূর স্বামী প্রবাস থেকে ফিরলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সালিসে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাছিমা বেগম। নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘এটা অমানবিক কাজ হয়েছে। প্রায় ৯ ঘণ্টা তাঁদের খোলা জায়গায় আটকে রেখে, গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করার পর বলা হলো, যার যার বাবার বাড়িতে চলে যাও। ওই যুবকের ভাগ্যে যা–ই হোক, কিন্তু গৃহবধূর বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই এক কাপড়ে বিদায় করা হলো। তাঁর স্বামী দেশে ফিরলে বিচার করা হবে বলা জানানো হলো। কিন্তু বিচারে তালাক দিলে তাঁর দায়ভার ওই যুবক বহন করবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা ন্যায়বিচার হলো না।’