
মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে পাচারকালে নৌকার পাটাতনের নিচে পাওয়া গেছে চার লাখ ইয়াবা বড়ি। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার আলুগোলা এলাকায় নাফ নদী থেকে এসব উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নৌকাটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল নাফ নদীতে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আলুগোলা এলাকায় নাফ নদীতে একটি নৌকা ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে থেকে চারটি প্লাস্টিকের বস্তাভর্তি চার লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অবৈধ মাদকদ্রব্য বহনের কারণে নৌকাটিও জব্দ করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, জব্দ করা কাঠের নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা করার প্রক্রিয়া চলছে। আর ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের গুদামে জমা রাখা হবে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।