মহেশখালীতে একই স্থানে আ. লীগ ও ইউপি চেয়ারম্যানের অনুষ্ঠান, ১৪৪ ধারা

কক্সবাজার জেলার মানচিত্র
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের নতুন বাজার মাঠে আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এনায়েত উল্লাহর সংবর্ধনার আয়োজন করেছিল নাগরিক কমিটি। একই স্থানে, একই সময়ে আওয়ামী লীগও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয়। এ কারণে শান্তিভঙ্গের আশঙ্কায় নতুন বাজার মাঠে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের নতুন বাজার মাঠ এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার আদেশ জারি করেন মহেশখালীর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত উল্লাহকে নাগরিক কমিটির ব্যানারে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। আজ দুপুর দুইটার দিকে বড়মহেশখালী ইউনিয়নের নতুনবাজার মাঠে এই সংবর্ধনা দেওয়ার কথা ছিল। এদিকে একই স্থানে বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই স্থানে দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নতুন বাজার মাঠে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মহেশখালীর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিনের স্বাক্ষরিত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত সবার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারায় জারিকৃত এলাকায় জন সমাবেশ, উচ্চৈস্বরে আওয়াজ এবং শব্দ করার যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াসিন প্রথম আলোকে বলেন, ১৪৪ ধারা জারির পর নতুন বাজার মাঠ থেকে মঞ্চ ও সড়কের ওপরে নির্মিত তোরণ সরানোর কাজ চলছে।