
নরসিংদীর পলাশ উপজেলায় চোর সন্দেহে পিটুনিতে কিশোরের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে ওই কিশোরের বাবা বাদী হয়ে পলাশ থানায় মামলাটি করেন। এ মামলায় ১০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাত দুইটা থেকে ভোর পর্যন্ত উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকশা এলাকায় চোর সন্দেহে দুই কিশোরকে পিটুনি দেওয়ার ঘটনা ঘটে। এতে এক কিশোরের মৃত্যু হয় ও অপর কিশোর গুরুতর আহত হয়। হতাহত দুই কিশোরেরই বয়স ১৬ বছর। দুজন কিশোর একই এলাকার বাসিন্দা।
মামলার আসামিরা হলেন পলাশের ঘোড়াশাল পৌরসভার পাইকশার বাসিন্দা এরশাদ মিয়া, সুমন মিয়া, নূরুল হক, আবদুর সোবাহান, রমেন চন্দ্র দাস, প্রদীপ দাস, মো. আইয়ুব আলী, মোহাম্মদ নাজমুল, মো. সাদ্দাম হোসেন ও মো. ওসমান গণি। এজাহারভুক্ত বাকি আসামিরা মামলার প্রধান আসামি এরশাদ মিয়ার বাড়ির ভাড়াটে ও স্বজন। প্রথম তিনজন বাদে বাকি সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহারে মামলার বাদী উল্লেখ করেছেন, হতাহত দুই কিশোর গত শনিবার রাত আটটার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে তারা দুজন আর বাড়িতে ফেরেনি। দুই পরিবারের সদস্যরা রাতভর তাদের খোঁজাখুঁজি করলেও কোথাও পাওয়া যায়নি। পরদিন সকাল সাড়ে ছয়টার দিকে এক প্রতিবেশীর মাধ্যমে তিনি জানতে পারেন তাঁর ছেলেকে রাতভর পিটিয়ে হত্যার পর লাশ পার্শ্ববর্তী টেক্সটাইল মিলের ভেতরে ফেলে রেখেছে। সেখানকার একটি পরিত্যক্ত ভাঙা ঘরে প্লাস্টিক দিয়ে তার লাশ ঢেকে রাখা ছিল। সেখানে গিয়ে তিনি লাশ শনাক্ত করে দেখতে পান, তার শরীরে উপর্যুপরি পেটানোর চিহ্ন। একই সময়ে গুরুতর আহত অবস্থায় অপর কিশোরকে পাওয়া যায় পার্শ্ববর্তী একটি ফাঁকা জায়গায়। পরে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকে আহত কিশোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ বলছে, গতকাল রোববার ভোরে লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল ও এর আশপাশের এলাকা থেকে রমেন চন্দ্র দাস, প্রদীপ দাস, মো. আইয়ুব আলী, মোহাম্মদ নাজমুল, মো. সাদ্দাম হোসেন, মো. ওসমান গণি ও আবদুর সোবাহান নামের সাতজনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়। পরে ওই দিনই তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ মামলা হওয়ার পর দেখা গেছে, ওই সাতজন এজাহারভুক্ত আসামি। হত্যামামলা–সংক্রান্ত সব কাগজপত্র আজই আদালতে পাঠানো হয়েছে, তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারপ্রক্রিয়া শুরু হবে।
জানতে চাইলে ওই কিশোরের বাবা ও মামলার বাদী বলেন, ‘আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে সারা শরীরের হাড় গুঁড়া করে দিয়েছে আসামিরা। একই রকমভাবে তারা পিটিয়েছে সঙ্গে থাকা অপর কিশোরকে। তারা যদি অপরাধ করেও থাকে, তাকে পুলিশে দিতে পারত, সামাজিকভাবেও বিচার করতে পারত। এসব না করে নির্মমভাবে পেটানোর অধিকার তাদের কে দিয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।’
আহত ওই কিশোর প্রথম আলোকে বলে, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তারা উপজেলার একটি টেক্সটাইল মিলের পেছনে খোলা জায়গায় যায়। সেখানে তারা দেড় ঘণ্টা অবস্থানের পর রাত দুইটার দিকে পাশের এলাকার এরশাদের নেতৃত্বে ছয় থেকে সাতজন লোক সেখানে যান। তাঁরা ‘এত রাতে এখানে কী করিস’ বলেই দুজনকে যে যার মতো চড়-ঘুষিসহ উপর্যুপরি মারতে থাকেন। ‘যতক্ষণ চুরির কথা স্বীকার না করবি, ততক্ষণ মারব’, এ কথা বলেই তাঁরা টেক্সটাইল মিলের একটি পিলারে দুজনকে বেঁধে আবার মারতে থাকেন। একসময় মিলের এক প্রহরী এগিয়ে এসে ‘এভাবে মারলে তো মরে যাবে’ বলে আমাদের ছেড়ে দিতে বলেন। এভাবে এক ঘণ্টা নির্যাতনের পর রাত তিনটার দিকে এরশাদ ও তাঁর লোকজন তাদের টেনেহিঁচড়ে তাঁর বাড়িতে নিয়ে যান।’ সেখানে দুটি গাছের সঙ্গে দুজনকে বাঁধা হয়। পরে ওই বাড়ির নারীরাসহ যাঁর হাতে যা ছিল, তাই দিয়েই সবাই মিলে তাদের উপর্যুপরি মারধর করেন। একপর্যায়ে অন্যজন (মৃত কিশোর) তাদের বলে, ‘আমার হাত-পা কাইট্টা দেন, তবু আর মাইরেন না।’ এ সময় সে অচেতন হয়ে গেলে ‘অভিনয় করছে’ বলে তাকে আরেক দফা মারা হয়। ফজরের আজানের পরপরই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, আজ দুপুরে নিহত কিশোরের বাবা ১০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি এরশাদ মিয়াসহ বাকি আসামিরা পলাতক, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।