
রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীরা। পরে পুলিশ তাঁদের হেফাজতে নেয়। এ সময় ওই দুজনকে মারধর ও তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শুভ ও নাহিদকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের বিশেষায়িত ইউনিট ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও এসআরবি সদস্যরা হাসপাতালে যান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য হাসপাতালে অবস্থান নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে শুভ ও নাহিদকে বের করে আনা হয়। তাঁদের নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের ফটকে একটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়। দুজনকে গাড়িতে তোলার সময় তাঁদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। একপর্যায়ে শুরু হয় মারধর। এতে শুভকে মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ পড়ে যান। তখন তাঁকে কিল-ঘুষি ও লাথি মারেন নেতাকর্মীরা। পরে সিআরটি সদস্যরা নাহিদকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নেন।
শুভ রাজশাহী মেডিকেল কলেজের ৫৯তম এবং নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তাঁরা হাসপাতালে ইন্টার্নশিপও শুরু করেছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। সম্প্রতি দুই বছর পর তাঁরা আবার ইন্টার্নশিপ শুরু করার চেষ্টা করছিলেন।
আজ সকাল থেকেই হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন এমন কয়েকজন শিক্ষার্থী জানান, শুভ ও নাহিদ কয়েক দিন ধরে হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের কার্যালয়ে আসছিলেন। আজ হাসানুল হাসিব তাঁদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করেন। এ জন্য তাঁরা পরিচালকের কার্যালয়ের পাশের অপেক্ষা কক্ষে বসেছিলেন। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীরা গিয়ে তাঁদের মারধর শুরু করেন। পরে দুজনকে পরিচালকের কার্যালয়ে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
শাখা ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, ‘স্বৈরাচার হাসিনা ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে। এই অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, সেটির তদন্ত প্রয়োজন। যাঁরা তাঁদের হাসপাতালে এনেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’
হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের সময়সীমা পার হওয়ার পর নিয়ম অনুযায়ী আবার আবেদন করতে হয়। একাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তাঁরা ইন্টার্নশিপ করতে পারেন। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান বলেন, ওই দুজনের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে নানা অভিযোগ ছিল। হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।