অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের বিদ্যুৎ অফিসের পাশে তসলিমা ক্লিনিকের সামনে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। সেখান থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় সেখানে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা।
এ সময় সরকারের ব্যর্থতার কারণে বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতি উল্লেখ করে সরকারকে পদত্যাগ করার দাবি জানানো হয়। দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতা–কর্মীরা। সমাবেশ শেষে মিছিল নিয়ে বিদ্যুৎ অফিসে স্মারক লিপি দিতে গেলে তাতেও বাধা দেয় পুলিশ। পরে বিএনপির কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।