মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর চার দিন ধরে সন্ধান মিলছে না। এ বিষয়ে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ওই কিশোরী উপজেলার ফুলতলা ইউনিয়নের বাসিন্দা ও একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
জিডির সূত্রে জানা গেছে, ১৩ এপ্রিল সকালের দিকে পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে একা বের হয়েছিল ওই কিশোরী। এরপর আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আর সে ফেরেনি। এর মধ্যে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে জুড়ী থানায় একটি জিডি করেন ওই স্কুলছাত্রীর বাবা।
ওই কিশোরীর বাবা জানান, তাঁর মেয়ে মুঠোফোন ব্যবহার করত না। কোনো ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল কি না, সে বিষয়েও তিনি কিছু জানেন না।
জিডির সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার উপপরিদর্শক সুবীর পাল জানান, নিখোঁজ কিশোরীর সন্ধানে তাঁদের চেষ্টা অব্যাহত আছে।