মানবসেবা

২২ বছর ধরে মা ও শিশুর পাশে শামীমা রহমান

শামিমা রহমান
 শামিমা রহমান

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শামীমা রহমান (৫০)। ২২ বছর ধরে তিনি ধাত্রীর কাজ করছেন। বলা যায়, অনেকটা বিনা পয়সায়। কেউ যদি খুশি হয়ে তাঁকে কিছু দেন, তা তিনি হাসিমুখে গ্রহণ করেন। শামীমা বলেন, এ পেশা তিনি বেছে নিয়েছেন সেবা দেওয়ার মাধ্যম হিসেবে।

শামীমা রহমান পৌর শহরের চকপাড়া মহল্লায় নিজের বাড়িতে বসবাস করেন। তাঁর স্বামী খলিলুর রহমান ২০১০ সালে মারা যান। তাঁদের মেহেদী হাসান নামের একটি ছেলে রয়েছে। কীভাবে শুরু হলো এ যাত্রা—এমন প্রশ্নের উত্তরে শামীমা বলেন, প্রায় ২১ বছর আগে শহরের চড়পাড়া গ্রামে পারুল নামের এক নারীর সন্তান প্রসবকালে ধাত্রী হিসেবে পাশে ছিলেন তিনি। একটি ফুটফুটে কন্যাসন্তান হয় পারুলের। শিশুটির নাম রাখা হয় জেসমিন। তিন বছর আগে জেসমিনের বিয়ে হয় চকপাড়া গ্রামে। মজার ব্যাপার, সেই জেসমিনের সম্প্রতি সন্তান প্রসবকালেও ধাত্রী হিসেবে পাশে ছিলেন তিনি।

এত পেশা রেখে ধাত্রীর পেশা কেন বেছে নিলেন—জানতে চাইলে শামীমা জানালেন শুরুর কথা। ২৩ বছর আগে তাঁর অন্তঃসত্ত্বা ছোট বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু ওই সময় একজন নারী চিকিৎসক তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এতে তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। তখন শামীমা মনে মনে প্রতিজ্ঞা করেন, অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের পাশে দাঁড়াবেন। সে সংকল্প নিয়ে ২০০০ সালে তিনি এ কাজ শুরু করেন। এখন মুঠোফোনে কল এলেই হ্যান্ড গ্লাভস, ব্লেড, জীবাণুনাশক সামগ্রী, তুলা, তোয়ালেসহ বিভিন্ন সামগ্রী নিয়ে বেরিয়ে পড়েন।

শামীমা বলেন, প্রথমে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনে ৫০ টাকা হাজিরা হিসেবে আয়ার কাজ নেন। এ সময় তিনি হাসপাতালে আসা নারীদের প্রসবকালে অভিজ্ঞ নার্সদের পাশে থেকে সহযোগিতা করতেন। এক বছরের মধ্যে তিনি রপ্ত করে ফেলেন ভূমিষ্ঠ হওয়ার পর সদ্য প্রসূত সন্তান ও যন্ত্রণাকাতর মাকে সেবা দিয়ে কীভাবে সুস্থ করে তুলতে হয়। এভাবে দেখতে ও শিখতে শিখতে সাত বছর চলে যায়। এরপর তিনি উপজেলায় ধাত্রী হিসেবে বেশ পরিচিতি পান। ২০০৭ সালে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার জয়রমকুড়া হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রোগ্রামে ‘প্রথাগত জন্ম পরিচারক’ বিষয়ের ওপর ছয় দিনের একটি প্রশিক্ষণে অংশ নেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরে ধাত্রীর কাজ করে যাচ্ছেন।

শামীমা শুধু উপজেলায় নয়, পার্শ্ববর্তী হালুয়াঘাট ও নকলা উপজেলার বিভিন্ন গ্রামে এ সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর নাম ও মুঠোফোন নম্বর রয়েছে মানুষের কাছে। কল পেলে ঝড়বৃষ্টি উপেক্ষা করে দিন-রাত তোয়াক্কা না করে, যখন ডাক পড়ে তখনই ছুটে যান সেই বাড়িতে। শুধু সন্তান প্রসবের সময় নয়, একজন অন্তঃসত্ত্বা মায়ের খোঁজখবর নেওয়া এবং তাঁর শারীরিক সুবিধা-অসুবিধাগুলো আগে থেকে তিনি দেখাশোনা করে থাকেন। জটিল কোনো সমস্যা মনে করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ২২ বছর ধরে এ কাজ করতে গিয়ে নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। এক রাতে চার সন্তান প্রসব করান। 

শামীমা বলেন, ‘এ কাজ আমার ভালো লাগে। এতে ঝড়বৃষ্টি, রাতবিরাত কোনো কিছুই মনে থাকে না।’ তিনি যখন কাজ করেন, তখন খাওয়াদাওয়া ও বাড়িঘর সবকিছু ভুলে যান। এটা অনেকটা নেশার মতো হয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মেহেদী হাসান বলেন, শামীমা নিজের ইচ্ছা থেকে ২২ বছর ধরে ধাত্রীর কাজে নিয়োজিত রয়েছেন।