গোপালগঞ্জে বিভিন্ন সরকারি স্থাপনার কাছে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক তৈরি করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌরসভার দক্ষিণ পাশের প্রাচীর-সংলগ্ন ফুটপাতে ককটেল বিস্ফোরণ করা হয়। এ ঘটনার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে শহরে পাঁচটি সরকারি স্থাপনায় ককটেল বিস্ফোরণ করা হয়। এর মধ্যে সদর থানা চত্বরের মধ্যে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সামনের সড়কে, জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে এবং গোপালগঞ্জের বেদগ্রাম আনসার ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মাদ সরোয়ার হোসেন বিষয় নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ।
এদিকে নির্বাচনকে সামনে রেখে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পৌরসভার বাসিন্দা কেরামত মোল্লা বলেন, একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে জনমনে ভীতির সঞ্চার হয়েছে। শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও কেন দুর্বৃত্তরা ধরা পড়ছে না, প্রশ্ন রাখেন তিনি।
পুলিশ কর্মকর্তা মুহাম্মাদ সরোয়ার হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ পাশের প্রাচীর-সংলগ্ন ফুটপাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক আছে।