
নওগাঁর মান্দা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত দুটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের ভারশোঁ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ীর নাম সাহাবুদ্দীন বাবু (৩৬)। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামের আফসার আলী সরদারের ছেলে। দুর্ঘটনায় ভটভটির চালক বাবুল হোসেন (৩৩) আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারশোঁ ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, চৌবাড়িয়া হাটে গরু নামিয়ে একটি ভটভটি বেপরোয়া গতিতে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়ক দিয়ে আসছিল। ভারশোঁ মোড়ের কাছে সেটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই আরেকটি ভটভটির সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই ভটভটিটি উল্টে যায়। এ সময় সাহাবুদ্দীন বাবু ছিটকে পড়ে উল্টে যাওয়া ভটভটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
নিহত সাহাবুদ্দীন বাবুর আত্মীয় আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, সাহাবুদ্দীন বাবু একটি ভটভটিতে করে গরু নিয়ে বিক্রির জন্য চৌবাড়িয়া হাটে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভটভটির সঙ্গে তাঁদের ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।