
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাতভর ঝরতে থাকা ঘন কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। দিনের বেলা ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি আনলেও সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে কনকনে শীত।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় তেঁতুলিয়ায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল চারদিক। সকাল সাড়ে আটটার পর কুয়াশা ভেদ করে সূর্য উঠেছে। ধীরে ধীরে হালকা রোদ উঠলেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছড়াতে পারেনি রোদের তীব্রতা।
এর আগে গতকাল শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর আগে গত শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে। এ ছাড়া গত বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়া ও নওগাঁর বদলগাছীতে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, টানা চার দিন তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। বর্তমানে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করায় মৃদু শৈত্যপ্রবাহের আভাস লক্ষ করা যাচ্ছে। উত্তরের হিমেল বাতাস প্রবেশ করায় এখন থেকে তেঁতুলিয়ায় দিন দিন তাপমাত্রা কমতে পারে বলে তিনি জানান।
হেমন্তের শেষ দিকে এসে উত্তরের এই জনপদে প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর থেকে ঝরছে ঘন কুয়াশা, যা থাকে পরদিন সকাল পর্যন্ত। হিমালয়ের কাছাকাছি হওয়ায় কুয়াশার দাপটের সঙ্গে যুক্ত হচ্ছে উত্তরের হিমেল বাতাস। এ কারণে বাড়ছে শীতের তীব্রতা। তবে ঝলমলে রোদ থাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়ছে। গতকাল বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। শীতের সকালে পথঘাটে লোকজনের আনাগোনা খুবই কম। সুনসান নীরবতায় গরম কাপড় পরে কাজে বের হয়েছেন কিছু মানুষ। কৃষক-শ্রমিকদের কেউ কেউ বের হয়েছেন কাজের উদ্দেশ্যে। এরই মধ্যে পুব আকাশে উঁকি দিয়েছে সূর্য।