
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দুরুল হোদা (৪০)। তাঁর বাড়ি নয়ালাভাঙ্গা ইউনিয়নের নামোসুন্দরপুর গ্রামে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মেদ প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা দুরুল হোদাকে ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করেছে। তাঁর লাশ ২৫০ শয্যার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ১৩ এপ্রিল স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলম হত্যাকাণ্ডের শিকার হন। নিহত দুরুল হোদা ওই হত্যা মামলার আসামি ছিলেন।
নিহত দুরুল হোদার শ্বশুর মিরাটুলি বাবুপুর গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম বলেন, তাঁর বাড়িতে বেড়াতে এসেছিলেন দুরুল হোদা। গত শনিবার সন্ধ্যার পর প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা চালিয়ে কুপিয়ে তাঁর জামাতাকে মারাত্মকভাবে আহত করে। তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী উপজেলার গোপালপুরের কাছে তিনি মারা যান।
এ ঘটনায় আজ সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশের টহল আছে।