বাউফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় গতকাল মঙ্গলবার রাতে খান আইস ফ্যাক্টরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন দুজন।

মৃত ব্যক্তি হলেন মো. রাসেল খান (৩৫)। তিনি ওই আইস ফ্যাক্টরি পরিচালনার দায়িত্বে ছিলেন। দগ্ধ দুজন হলেন প্রেমান্দ মণ্ডল (৭০) ও তাঁর স্ত্রী কৃষ্ণা রানী মণ্ডল (৬০)। তাঁরা সবাই কালাইয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে খান আইস ফ্যাক্টরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই সময় কারখানায় থাকা রাসেল এবং কারখানার পাশে থাকা চায়ের দোকানদার প্রেমান্দ ও তাঁর স্ত্রী দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় প্রেমান্দ ও তাঁর স্ত্রী কৃষ্ণাকে গতকাল রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।