দুই ওয়ার্ডেই মশার উপদ্রব একটি বড় সমস্যা। এসব ওয়ার্ডে সড়ক খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা হয়েছে।
পঞ্চাশোর্ধ্ব সুফিয়া বিবি সৈয়দ চাষনী পীর (রহ.)-এর মাজার শরিফের ঠিক বিপরীতে একটা বাসার সামনে বসে আছেন। সঙ্গে তাঁর দুই নাতি-নাতনি। কিছুক্ষণ পর পর সুফিয়ার তিন বছরের ছোট নাতি রাহি ‘উফ্, মশা’ বলে বারবার হাত-পা নড়াচ্ছে। রাহির বোন খাদিজাও (৬) ভাইয়ের মতো একইভাবে মশা তাড়াচ্ছিল।
গত বুধবার বেলা সাড়ে পাঁচটার দিকে সিলেট নগরের ৫ নম্বর ওয়ার্ডের গোয়াইটুলা এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে। ওই সময় কথা হয় সুফিয়ার সঙ্গে। সুফিয়া বলেন, মাত্রাতিরিক্ত গরম থেকে প্রশান্তি পেতে নাতি-নাতনিকে নিয়ে বাসার বাইরে বের হয়েছেন। এতে গরম থেকে খানিকটা মুক্তি মিললেও মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন।
সুফিয়া ছাড়াও গোয়াইনটুলা এলাকার তিনজন বাসিন্দা জানান, ঘরে-বাইরে দিনরাত মশার উপদ্রব। তবে মশকনিধনে সিটি কর্তৃপক্ষকে ওষুধ ছিটাতে খুব একটা দেখা যায় না। এ ছাড়া বিভিন্ন পাড়া-মহল্লায় গাছের পাতা-ময়লা-আবর্জনা পড়ে থাকার পাশাপাশি রাস্তায় বালু-পাথর স্তূপ করে ফেলে রাখায় জনদুর্ভোগ বেড়েছে।
এলাকার মূল সমস্যা জলাবদ্ধতা। সামান্য বৃষ্টি হলে তাঁর বাসা ও দোকানের সামনে হাঁটুপানি জমে যায়।সালেহ আহমদ, বাদামবাগিচা এলাকার বাসিন্দা
গোয়াইনটুলা এলাকা ছাড়াও ৫ নম্বর ওয়ার্ডে আরও চারটি এলাকা রয়েছে। এগুলো হলো বড়বাজার, ইলেকট্রিক সাপ্লাই, গোয়াইটুলা ও খাসদবির এলাকা। ইলেকট্রিক সাপ্লাই এলাকার অনামিকা ও চানমারি আবাসিক এলাকায় সরেজমিনে দেখা গেছে, নালা প্রশস্তকরণের অংশ হিসেবে রাস্তার একাংশ প্রায় দুই মাস থেকে আড়াই মাস আগে খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা হয়েছে। নালার নির্মাণকাজ শেষ না করায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। চানমারি এলাকার রাস্তায় প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত কাগজ ও পলিথিন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ ছাড়া ইলেকট্রিক সাপ্লাই এলাকার অন্তত চারটি পাড়া-মহল্লায় সরু গলি থাকায় যানবাহন প্রবেশ করতে গিয়ে ভোগান্তি হচ্ছে।
গত বুধবার বিকেলে বড়বাজার মণিপুরি গলির একজন বাসিন্দা জানান, মণিপুরি গলির প্রবেশমুখেই বালু স্তূপাকারে থাকায় লোকজনের চলাচলে দুর্ভোগ হচ্ছে। এ ছাড়া একই এলাকার প্রবেশমুখে ময়লা-আবর্জনার অস্থায়ী ভাগাড় থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদের দাবি, তাঁর এলাকার সিংহভাগ সমস্যাই তিনি সমাধান করতে পেরেছেন। আগামী নির্বাচনে জয়ী হতে পারলে বাকি সমস্যার সমাধান করবেন। তাঁর ওয়ার্ডে নির্মাণাধীন নালার ৯৫ ভাগ কাজ তিনি শেষ করেছেন। নালা পরিকল্পিতভাবে হওয়ায় জলাবদ্ধতা সমস্যা পুরোপুরি দূর হয়েছে। তবে নগরের অন্যান্য ওয়ার্ডের মতো তাঁর ওয়ার্ডেও মশার উপদ্রব আছে।
কাউন্সিলর আরও বলেন, বাইপাস রোড বড় করে ফেলেছি বেশ আগেই। বেশ কিছু সরু গলি বড় করেছি, কিছু করা সম্ভব হয়নি। তবে যেসব এলাকায় ১৬ ফুট রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে না, সেসব রাস্তা বড় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইলেকট্রিক সাপ্লাইয়ের কিছু পাড়াসহ বিভিন্ন স্থানে নালা নির্মাণ করা হয়েছে। এসব স্থানে সড়ক নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে। দ্রুতই তা নির্মিত হবে।
ভারী বৃষ্টিপাত হলেই হাঁটুপানিতে তলিয়ে যায় সড়ক-বাসাবাড়ি। পর্যাপ্ত সুপেয় পানি সিটি করপোরেশন সরবরাহ করলেও তাতে মাত্রাতিরিক্ত আয়রন থাকে। ‘শিলং তির’ নামের একধরনের অনলাইন জুয়ায় আসক্ত তরুণ-যুবকেরা। মোড়ে মোড়ে বখাটেরা আড্ডা দেয়। জলাবদ্ধতা, অনলাইনে জুয়া খেলা এবং বখাটেদের উৎপাতে বাদামবাগিচা ও ইলাশকান্দি এলাকার বাসিন্দারা কষ্টে আছেন। এই দুই এলাকাসহ চৌকিদেখী, সৈয়দ মুগনি ও টুকেরবাজার এলাকা নিয়ে গড়ে উঠেছে ৬ নম্বর ওয়ার্ড।
সড়ক নির্মাণকাজের ধীরগতি, পাড়া-মহল্লায় সরু গলি ও মশার উপদ্রব ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোগাচ্ছে বেশি। চৌকিদেখী এলাকার মূল সড়কে প্রায়ই যানজট থাকে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
গত বুধবার রাতে সরেজমিনে দেখা গেছে, বাদামবাগিচা ২ নম্বর সড়কের বেশির ভাগ অংশই সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা হয়েছে। ধীরগতিতে নির্মাণকাজ চলায় স্থানীয় লোকজন ভোগান্তি পোহাচ্ছে। এর বাইরে ইলাশকান্দি সড়কের শুরুর অংশে কিছু ভাঙাচোরা অংশ আছে।
বাদামবাগিচা এলাকার বাসিন্দা সালেহ আহমদ পেশায় ব্যবসায়ী। আহমদ এন্টারপ্রাইজ নামে তাঁর একটা ব্যবসাপ্রতিষ্ঠান আছে। তিনি জানান, এলাকার মূল সমস্যা জলাবদ্ধতা। সামান্য বৃষ্টি হলে তাঁর বাসা ও দোকানের সামনে হাঁটুপানি জমে যায়।
যোগাযোগ করলে ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ফরহাদ চৌধুরী ওরফে শামীম বলেন, ‘জনগণের কাছে বারবার পরীক্ষা দিয়ে আমি পাস করেছি। আমরা ওয়ার্ডবাসী সম্মিলিতভাবে শান্তি চাই। দল-গোষ্ঠী বিবেচনায় না নিয়ে আমি উন্নয়নকাজ করে থাকি। শিলং তির খেলা বন্ধে এবং ওয়ার্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশকে বলা আছে। এসব নেতিবাচক কার্যক্রম যেন ওয়ার্ডে না হয়, সে জন্য আমাদেরও নজরদারি থাকে।’
জলাবদ্ধতার বিষয়ে কাউন্সিলর বলেন, সুরমা নদী যত দিন পর্যন্ত খনন করা না হবে, তত দিন পর্যন্ত জলাবদ্ধতা পুরোপুরি দূর করা অনেকটা অসম্ভব। ওয়ার্ডটি চা-বাগান এলাকার পাশ ঘেঁষে অবস্থিত হওয়ায় বৃষ্টি হলে বাগানের ছড়া দিয়ে পানি এসে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অবশ্য আধা ঘণ্টা পরই পানি নেমে যায়। এ ছাড়া মশার উপদ্রব কমাতে নিয়মিত ওষুধ ছিটানো হয়।