প্রধান শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার
প্রধান শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার

নেত্রকোনায় প্রধান শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন, বিক্ষোভ

নেত্রকোনা সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছে তারা।

আজ রোববার সকালে সদর উপজেলার হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক মো. আজহারুল হক বিদ্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বিদ্যালয়ে যায়। পরে তিনি বিদ্যালয় থেকে বের হয়ে সড়কে গেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে বের হয়ে বাড়ি যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের খবর পেয়ে শিক্ষার্থীরা পুলিশের কাছে প্রধান শিক্ষককে ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। এ সময় বহিরাগত কয়েকজন যুবক শিক্ষার্থীদের ধাওয়া ও হামলা চালায় বলে শিক্ষার্থীদের অভিযোগ। তবে ওসির দাবি, তাঁদের উপস্থিতিতে এমন কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার প্রতিবাদে আজ সকাল ১০টায় শুরু হওয়া ষষ্ঠ ও অষ্টম শ্রেণির এবং দুপুরে অনুষ্ঠেয় নবম ও দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। পরে তারা বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষকের মুক্তির দাবিতে বিক্ষোভ করে। পরের পরীক্ষাও বর্জনের ঘোষণা দেয় তারা।

দশম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার, তুরজাউন খানম ও সিনথিয়া আক্তার এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাহিম মিয়াসহ কয়েকজন প্রথম আলোকে বলে, প্রধান শিক্ষককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় হয়রানি করা হচ্ছে। তিনি কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। আবারও তাঁকে গ্রেপ্তার করায় বিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনয়নে লক্ষ্মীগঞ্জ ইউপির চেয়ারম্যান পদে নির্বাচিত হন আজহারুল হক। তিনি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। বর্তমানে বিদ্যালয়টিতে ১৩ জন শিক্ষক এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৫৫৭ জন শিক্ষার্থী আছে।

বিষয়টি জানার পর উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল আওয়ালকে বিদ্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। শিক্ষার্থীরা যেন পরবর্তী পরীক্ষাগুলো দিতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।