নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ল বিপুল পরিমাণ কাপড় ও যন্ত্রপাতি

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড় ও যন্ত্রপাতি পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সস্তাপুর গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে ক্ষতিগ্রস্ত ডাইং ব্যবসায়ী মো. অলিউল্লাহ বলেন, তিনি ডাইং কারখানাটি ভাড়া নিয়ে কাপড় ডাইংয়ের কাজ করতেন। রাতে কাজ করার সময় হঠাৎ আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁরা নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। আগুনে তাঁর ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া বয়লার মেশিনসহ কাপড় রং করার মেশিনারিজও পুড়ে গেছে। তিনি ছাড়া আরও ৮ থেকে ১০ জন ব্যবসায়ীর সাব কন্ট্রাক্টে আনা কাপড় গুদামে মজুত ছিল। সেগুলোও পুড়ে গেছে। সব মিলিয়ে কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় হলি ফেব্রিকস কারখানায় ঝুট (পরিত্যক্ত কাটা কাপড়) পুড়িয়ে তাপ দিয়ে বয়লারে কাপড় ডাইং (রং) করার কাজ চলছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ডাইং কারখানার গুদামসহ আশপাশের টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলা উপসহকারী পরিচালক মো. ফখরউদ্দিন প্রথম আলোকে বলেন, বয়লার মেশিন থেকে কিংবা কাপড় ডাইং করার সময় আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন নেভাতে গিয়ে বেলায়েত হোসেন নামের তাঁদের ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম।