সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরে বাঁধ কাটায় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। আজ শনিবার দুপুরে তোলা
সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরে বাঁধ কাটায় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। আজ শনিবার দুপুরে তোলা

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫, পরে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরে জলাবদ্ধতা থেকে ফসল রক্ষায় বাঁধ কাটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সদর উপজেলার ডাকুয়ার হাওরে মোহনপুর ইউনিয়নের মোহনপুর, সরদারপুর ও জয়নগর এবং কাঠইর ইউনিয়নের নোয়াগাঁও, উলুতুলসহ কয়েকটি গ্রামের মানুষের ফসলি জমি রয়েছে। টানা কয়েক দিনের অতিবৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ধান রক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন কৃষকেরা।

জলাবদ্ধতা নিরসনে গতকাল শুক্রবার নোয়াগাঁও গ্রামের লোকজন বাঁধ কাটার উদ্যোগ নেন। তবে এতে আপত্তি জানান মোহনপুর গ্রামের বাসিন্দারা। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে বৈঠক হয়। বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাঁধ এলাকা পরিদর্শনের জন্য একটি কমিটি গঠন করেন এবং তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান।

তবে বৈঠক চলাকালেই নোয়াগাঁওসহ আশপাশের গ্রামের লোকজন বাঁধ কেটে ফেলেন। এ সময় মোহনপুর ও আশপাশের এলাকার লোকজন বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, বাঁধ কাটলে হাওরের একাংশের কৃষকের ফসল রক্ষা পেলেও অন্য অংশের ক্ষতি হবে। এ কারণে এক পক্ষ বাঁধ কাটতে চায়, আরেক পক্ষ বাধা দেয়—এ থেকেই সংঘর্ষের সূত্রপাত।

সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।