নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে একটি ভোটকেন্দ্রের সামনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কাউন্সিলর প্রার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ দুপুর সোয়া ১২টার দিকে আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এনআইবি স্বপ্নডানা একাডেমি নারী কেন্দ্রের সামনে এই সংঘর্ষ হয়। এতে ৫ নম্বর ওয়ার্ডের উটপাখি প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসেন, ডালিম প্রতীকের প্রার্থী শব্দর আলী ও তাঁদের কর্মী-সমর্থকেরা অংশ নেন। এ সময় উভয় প্রার্থীই মারধরের শিকার হন।
জাহাঙ্গীর হোসেন ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। শব্দর আলী পৌরসভা যুবলীগের সভাপতি। কেন্দ্রটি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলামের (বাবু) বাসভবনের ৫০ গজের মধ্যে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আজ দুপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে তর্ক হয়। এ সময় উভয় প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন। তর্কের একপর্যায়ে জাহাঙ্গীর হোসেনের সমর্থকেরা শব্দর আলীকে মারধর করেন। পরে শব্দর আলীর সমর্থকেরাও জাহাঙ্গীর হোসেনকে মারধর করেন। এ সময় সংসদ সদস্যের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের পর সরেজমিন ঘুরে সংসদ সদস্যের বাসভবনের সামনে দুটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে।
মারামারির ঘটনায় আহত জাহাঙ্গীর হোসেনকে বেলা সোয়া একটার দিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে দেখা যায়। মারধরের পর শব্দর আলী সমর্থকদের কাঁধে ভর দিয়ে আবার কেন্দ্রে এসেছেন। সংঘর্ষের ঘটনার পর বেলা আড়াইটা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়েছে।
কেন্দ্রের সামনে জাহাঙ্গীর হোসেনের ভগ্নিপতি মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রথম দফায় কৃষ্ণপুরা এলাকায় মহিলা ভোটকেন্দ্রের সামনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শব্দর আলী ও তাঁর লোকজন জাহাঙ্গীর হোসেনকে মারধর করে। দ্বিতীয় দফায় নিজ বাড়ির সামনে তাঁকে আবারও মারধর করে। লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাঁকে রক্তাক্ত করেছে। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাঁকে রূপগঞ্জের ইউএস–বাংলা মেডিকেল কলেজের দিকে নেওয়া হয়েছে।’
তবে শব্দর আলীর অভিযোগ, জাহাঙ্গীর হোসেনের লোকজন কেন্দ্র দখলের চেষ্টা করলে তিনি তাতে বাধা দেন। এতে জাহাঙ্গীর হোসেন অনুসারীদের নিয়ে তাঁর ওপর হামলা চালান। জাহাঙ্গীরের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘ককটেল বিস্ফোরণ হয়েছে, এমন খবর পাইনি। দুই কাউন্সিলর প্রার্থী কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা তৈরি করেছিল। আমরা উপস্থিত হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’