সিরাজগঞ্জে ২০ কিলোমিটার যানজট, দুর্ভোগ

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত যানজট। শুক্রবার বিকেলে মহাসড়কের ভুঁইয়াগাতী এলাকায়
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়কের যানজটের কোনো অগ্রগতি নেই। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে এই ২০ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটে যাত্রীদের দুর্ভোগ এখন চরমে। ক্রমেই বাড়ছে এই দুর্ভোগ।

এই মহাসড়কের নলকা সেতু এলাকার চা–বিক্রেতা আবদুল আলীম বলেন, নলকা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত যানজট সৃষ্টি হলেও বিকেলে কিছুটা ধীরগতিতে যানবাহন চলাচল করছিল। সন্ধ্যার পর থেকে যানজট বাড়তে থাকে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বলেন, ঈদুল আজহার ছুটির পর আগামী রোববার সকালে সব পোশাক কারখানা খুলবে। যে কারণে ঈদের ছুটিতে আসা উত্তরবঙ্গের পোশাকশ্রমিকেরা সবাই এখন ঢাকামুখী হচ্ছেন। ফলে মহাসড়কে যানবাহনের চাপ ঈদের চেয়েও বেড়েছে।

বদরুল কবির বলেন, এই যানজট নিরসনে নিরলসভাবে মহাসড়কে কাজ করছে পুলিশ। তবে যেভাবে যানবাহনের চাপ বাড়ছে, তাতে শনিবার বিকেলের আগে কোনোভাবেই এই মহাসড়ক যানজটমুক্ত করা যাবে না। এখন উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহনের অতিরিক্ত চাপে যানজট হচ্ছে। হাটিকুমরুল গোলচত্বর থেকে নাটোর, পাবনাগামী মহাসড়ক একদম যানজট মুক্ত আছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক–সংলগ্ন উল্লাপাড়া উপজেলার পাচলিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে এ যানজট নলকা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় অতিরিক্ত যানবাহনের চাপে এর তীব্রতা আরও ভয়াবহ আকার ধারণ করে।

চান্দাইকোনা বাজার এলাকার ব্যবসায়ী সেলিম রেজা বলেন, তীব্র যানজটে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন এখনো আটকে পড়ে আছে। যানবাহনগুলোকে দীর্ঘ সময় পরপর একটু করে চলতে দেখা যাচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা থেকে কড্ডার মোড় হয়ে সেতু পর্যন্ত যানবাহনের অতিরিক্ত চাপের কারণে কিছুটা ধীরগতি থাকলেও কোনো যানজট নেই। তবে ক্রমেই এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।