শ্যামনগরের ৪৭ হাজার মানুষকে সেবা দেওয়ার জন্য কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। কিন্তু জনবলসংকটে পাঁচ দিনই বন্ধ থাকে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা। এ জনপদের তিন দিকে নদী ও এক দিকে সুন্দরবন। সরাসরি শ্যামনগর উপজেলা কিংবা সাতক্ষীরা সদরে যাওয়ার সুযোগ নেই। এ ইউনিয়নের ৪৭ হাজার মানুষের স্বাস্থ্যসেবার জন্য একটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। কেন্দ্রটি সপ্তাহে ছয় দিন খোলা থাকার কথা; কিন্তু জনবলসংকটের কারণে মাত্র এক দিন খোলা থাকে। এতে এখানে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। সপ্তাহের অধিকাংশ দিন বন্ধ থাকায় বেশি অসুস্থ রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর অথবা সাতক্ষীরায় পাঠাতে হয়।
গাবুরা দক্ষিণ পাড়ার হাসান আলী কাগুচী বলেন, ‘যতবার দরকার পড়েছে, প্রতি তারিখে এসে ফিরে গেছি। সময়মতো ডাক্তার আর ওষুধ না পেয়ে নদী পার হয়ে শ্যামনগরে যাতি হয় চিকিৎসা নিতি। প্রায় তিন ঘণ্টার পথ মাড়িয়ে ৩০০–৪০০ টাকা খরচ করে সব সময় সদরে যাওয়া সম্ভব হয় না।’ তিনি অভিযোগ করে বলেন, সপ্তাহে ছয় দিন সরকারি এ স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ থাকায় সব ধরনের রোগী হয়রানির শিকার হচ্ছেন। তবে প্রসূতি মায়েদের নিয়ে বেশি সমস্যায় পড়তে হয়। শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাকির হোসেন দাবি করেন, এক দিন নয়, সপ্তাহে তিন দিন খোলা হয় গাবুরা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে।
খোলপেটুয়া গ্রামের আমেনা বেগম জানান, ধনসম্পদ না থাকায় পাশের নদ-নদীতে স্বামীর সঙ্গে মাছ–কাঁকড়া ধরে অভাবের মধ্যে তাঁদের সংসার চলে। লোনাপানিতে পড়ে থাকায় প্রায়ই নানা ধরনের শারীরিক সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হয়। অথচ বেশির ভাগ সময় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে তা বন্ধ থাকতে দেখে বাধ্য হয়ে পল্লি চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।
জনবলসংকটের কারণে গাবুরা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে এসে হাসান আলী ও আমেনা বেগমের মতো অনেক রোগী চিকিৎসা পাচ্ছেন না। স্থানীয় কয়েকজন বলেন, সপ্তাহে ছয় দিন বন্ধ থাকায় রুটিন মেনে প্রতি সোমবার শুধু প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে হয়। স্বাভাবিকভাবে সন্তান জন্মদানসহ গুরুত্বপূর্ণ অনেক চিকিৎসাসেবা গাবুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থেকে পাওয়া যায় না। ইউনিয়নের বেশির ভাগ মানুষকে প্রায় ২৫ কিলোমিটার দূরের শ্যামনগর সদরে গিয়ে চিকিৎসা নিতে হয় বলে দাবি এলাকাবাসীর। শুধু জনবল না থাকায় হাতের নাগালের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাঁদের।
গাবুরা গ্রামের হযরত আলী বলেন, ওষুধ যা লাগে সপ্তাহের মাথায় এক দিন যেয়ে নিতে হয়। মাঝেমধ্যে চিকিৎসকের জরুরি পরামর্শের প্রয়োজন হলেও লোকজন না থাকায় সে সুযোগ মেলে না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পদ্মপুকুরের ঝাঁপা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে সময় দেওয়ার কারণে তাঁদের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রেটি সপ্তাহে এক দিন খোলা থাকে।
খোলপেটুয়া গ্রামের আইয়ুব আলী ও তাঁর প্রতিবেশী তাহমীনা খাতুন জানান, সপ্তাহে এক দিন খোলা হলেও বেলা একটা থেকে দেড়টার মধ্যে বন্ধ হয়ে যায় এ স্বাস্থ্যকেন্দ্র। চিকিৎসা নিতে উপজেলা সদরে গেলে পুরো দিন নষ্ট হয়। এ অবস্থায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে সেবা নিয়ে এলাকার মানুষ চরম ক্ষোভ প্রকাশ করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রতিটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, একজন পরিবারকল্যাণ পরিদর্শিকা, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন অফিস সহায়কের পদ রয়েছে। সেখানে গাবুরা কেন্দ্রে এসব পদের বিপরীতে শুধু একজন আয়া থাকলেও তিনি নলতা মা ও শিশুকল্যাণ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। এ অবস্থায় পদ্মপুকুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সিরাজুল ইসলাম সোমবার এবং পরিবারকল্যাণ পরিদর্শিকা অপর্ণা রানী রায় সপ্তাহে মঙ্গল ও বুধবার সেখানে দায়িত্ব পালন করেন।