
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রার্থীদের কাছ থেকে অর্থ চেয়ে প্রতারণা করা হচ্ছে। এমন প্রতারকদের থেকে সতর্ক থাকতে বলেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
গতকাল শুক্রবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান। এর আগেও প্রার্থীদের কাছে প্রতারণা করে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্য থেকে কেউ কেউ জানিয়েছেন, তাঁদের কে বা কারা মুঠোফোনে ফোন করে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অনৈতিক সুযোগ-সুবিধা প্রদানের বিনিময়ে অর্থ চেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর কোনো রকম অর্থ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত নয়। এ রকম ফোন কলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, যেকোনো প্রকার অনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ বা আর্থিক লেনদেনের দায় সংশ্লিষ্ট ব্যক্তির।
রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, যদি কোনো রকম অনৈতিক সুবিধা চেয়ে কোনো ব্যক্তি যোগাযোগ করেন, তাহলে তাৎক্ষণিকভাবে তাঁকে বা তাঁর কার্যালয়ে জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।