
জাতীয় বাজেটে বরাদ্দের ক্ষেত্রে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার মানুষ সব সময় বৈষম্যের শিকার হচ্ছেন। অথচ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ভয়াবহ দুর্যোগের ঝুঁকিতে আছে এ অঞ্চলের মানুষ। বাজেটে বরাদ্দ–স্বল্পতায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানি সরবরাহে সরকারের নেওয়া প্রকল্পগুলো আটকে আছে। এমতাবস্থায় উপকূলীয় এলাকার প্রাণ-প্রকৃতি রক্ষা ও দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়েছে।
আজ শনিবার খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান। উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ ও নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’ এ মানববন্ধনের আয়োজন করে।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনে মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাকিলা পারভীন, হরিঢালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিষ্ণু পদ রায়, যুবলীগ নেতা প্রদীপ দত্ত, শিক্ষক মো. মনিরুল ইসলাম, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাব দেবনাথ, পাইকগাছা প্রেসক্লাবের সহসভাপতি মো. আবদুল আজিজ প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ১৯৯১ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ১৯৭টি বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে, যা মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ বিভিন্ন মৌলিক অধিকারে সংকট তৈরি করেছে। এ সংকট দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সব থেকে বেশি। সংকট উত্তরণে কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল জনশূন্য হয়ে পড়বে।
বক্তারা আরও বলেন, ভৌগোলিক অবস্থান, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, ভঙ্গুর অবকাঠামো, দারিদ্র্য, দীর্ঘমেয়াদি লবণাক্ততা, সংকটাপন্ন কৃষিসহ নানা কারণে উপকূলীয় এলাকার মানুষ বিপদে আছেন। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের মানুষ। কপোতাক্ষ নদসহ বিভিন্ন নদ-নদী দখল-দূষণ ও ভরাটের কারণে এ ঝুঁকি আরও বেড়েছে। দক্ষিণ-পশ্চিম উপকূলকে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তাঁরা
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের দাবি, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় নিয়ে উপকূলীয় অঞ্চলে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে; ওই এলাকায় পর্যাপ্ত সাইক্লোন শেল্টারসহ প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে হবে; উপকূলবাসীর সুপেয় পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে; একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদলে উপকূলীয় এলাকায় একটি বাড়ি একটি আশ্রয়কেন্দ্রের কার্যক্রম শুরু করতে হবে; নদীভাঙন ও ভূমিক্ষয় ঠেকাতে উপকূলে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে; উপকূলের রক্ষাকবচ সুন্দরবন রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানান তাঁরা।