ফটিকছড়িতে অন্তঃসত্ত্বার মৃত্যু, হাসপাতালে হামলা-ভাঙচুর

মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দফায় দফায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাট এলাকার সেবা হাসপাতাল ও ম্যাটারনিটি ক্লিনিকে এ হামলা হয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ এনে হামলা ও ভাঙচুরের ঘটনা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দফায় দফায় উপজেলা সদরের বিবিরহাট এলাকার সেবা হাসপাতাল ও ম্যাটারনিটি ক্লিনিকে এ হামলা হয়। এ সময় চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ সবাই ক্লিনিক ছেড়ে পালিয়ে যান। পরে ফটিকছড়ি ও ভূজপুর থানা থেকে পুলিশ গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা কাঞ্চননগর গ্রামের ব্যবসায়ী রুমান আহমদের অন্তঃসত্ত্বা স্ত্রী গৃহবধূ জান্নাতুল মাওয়াকে (২২) ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সন্ধ্যার দিকে তাঁকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। পরে তিনি মারা যান। এরপর স্থানীয় বাসিন্দা ও ওই নারীর স্বজনেরা এসে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন ১০ থেকে ১৫ জন। রাতভর ফটিকছড়ি ও ভূজপুর থানার পুলিশ হাসপাতালটির নিরাপত্তা দিতে ঘিরে রাখে।

এ ঘটনার বিষয়ে বক্তব্য জানতে হাসপাতালের দায়িত্বশীল কারও সঙ্গে কথা বলা যায়নি। তাঁদের ব্যবহৃত মুঠোফোন নম্বর গতকাল রাত থেকে বন্ধ পাওয়া গেছে। আজ বুধবার সকালেও তাঁদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

মারা যাওয়া অন্তঃসত্ত্বা জান্নাতুল মাওয়ার স্বামী রোমান আহমদের অভিযোগ, ভুল চিকিৎসায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি স্ত্রী ও গর্ভে থাকা সন্তানকে হারিয়েছেন। তিনি এর বিচার চান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ ইবনে আনোয়ার প্রথম আলোকে বলেন, পরিস্থিতি সামাল দিতে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। তবু হাসপাতালের বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও বাইরের কাচ ভাঙচুর হয়েছে। পাল্টাপাল্টি ধাওয়ায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। আহতও হয়েছেন কয়েকজন। হামলায় অংশ নেন রোগীর স্বজনসহ ৪০০ থেকে ৫০০ স্থানীয় বাসিন্দা। প্রসূতির মৃত্যুর ঘটনা এবং হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে ঘটনা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।