
যশোর শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বিরুদ্ধে পাঁচ নারী কর্মী যৌন হয়রানির অভিযোগ করেছেন। এ বিষয়ে আজ সোমবার সকালে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের কাছে ওই নারীদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘ওই নারীদের অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে অভিযোগপত্রটি পাঠানো হবে।’
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এর আগে ১২ মে ওই নারীরা যশোর কোতোয়ালি থানার পুলিশের কাছেও একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ বিষয়টি মামলা হিসেবে গ্রহণ করেনি। এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ওই নারীরা লিখিত একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্মারকলিপি ও অভিযোগপত্র থেকে জানা যায়, যশোর শহরে অবস্থিত প্রতিষ্ঠানটিতে পাঁচ নারী কর্মীকে মাসিক ১০ হাজার টাকা বেতনে বিভিন্ন সময়ে চাকরি দেওয়া হয়। জামানত হিসেবে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার ১৫০ টাকা নেওয়া হয়। চাকরির সময় তিন মাস হয়ে গেলেও ওই নারী কর্মীদের কেউ পুরো বেতন পাননি। এর মধ্যে প্রতিষ্ঠানের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা মিথ্যা প্রলোভন দেখিয়ে নারীদের ফুসলাতেন, কুপ্রস্তাব দিতেন। যৌন হয়রানি ও ভিডিও করতেন। এসব কারণে নারীরা চাকরি ছেড়ে দিতে চান। কিন্তু কর্তৃপক্ষ দুই মাসের বকেয়া বেতন দিচ্ছে না, জামানতের টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। উল্টো ওই প্রতিষ্ঠান থেকে নারীদের বদনাম ছড়াচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এক নারী কর্মী প্রথম আলোর যশোর অফিসে এসে বলেন, প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা মোটরসাইকেলের পেছনে প্রায়ই বসতে বলতেন। তাঁর সঙ্গে সময় কাটাতে বলতেন। একদিন তাঁর মোটরসাইকেলে করে ঝিনাইদহের উদ্দেশে নিয়ে যান। মাঝপথে গিয়ে এক বন্ধুর বাসায় থাকার প্রস্তাব দেন।
তাতে রাজি হননি বলে জানিয়ে ওই তরুণী বলেন, চিৎকার দিয়ে মাঝপথে নেমে যান। এরপর আর ওই প্রতিষ্ঠানে চাকরি করতে রাজি হননি। মুঠোফোনে জামানতের টাকা ফেরত চাইলে দেওয়া হবে না বলে প্রতিষ্ঠান থেকে জানিয়ে দেওয়া হয়। একটি বেসরকারি কলেজে ডিপ্লোমা প্রকৌশলী কোর্সে অধ্যয়ন করছেন দাবি করে ওই তরুণী বলেন, ‘অনেক কষ্ট করে জামানতের ১০ হাজার টাকা দিয়েছি। কিন্তু আমার টাকা তাঁরা ফেরত দিতে রাজি হচ্ছেন না।’
যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকা ব্যক্তি। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের চাকরির তো একটা সিস্টেম আছে। চুক্তি অনুযায়ী এক বছরের আগে কেউ চাকরি ছাড়লে জামানতের টাকা ফেরত পাবে না। যে মেয়েগুলো চাকরি ছেড়ে দিয়েছে, তাদের কেউ ভালো নয়। এখন তারা যৌন হয়রানির অভিযোগ করছে, তা একেবারেই সত্য নয়।’
এক নারী কর্মীর সঙ্গে প্রতিষ্ঠানের চুক্তিপত্র থেকে জানা যায়, ‘কোম্পানিতে জুনিয়র অফিসার হিসেবে যোগদান করলাম। সাড়ে আট হাজার টাকা জমানত হিসেবে রাখলাম। কোম্পানির নিয়ম অনুযায়ী, প্রতি মাসে সাতজন জনবল সংগ্রহ করে দিতে হবে। জনবল নিয়োগ অনুযায়ী কোম্পানি আমাকে বেতন দেবে।’
প্রতিষ্ঠানের কাজ কী, জানতে চাইলে ওই নারী কর্মীরা জানান, কোনো কাজ কখনো করতে দেয়নি। শুধু লোক নিয়োগ করতে বলা হতো। নিয়োগকৃত কর্মীর কাছ থেকে ১০ হাজার টাকা করে জামানত রাখা হয়। এটাই কোম্পানির মূল ব্যবসা। কারও কোনো কাজ করতে দেওয়া হয় না। এর মধ্যে ১০ থেকে ১৫ দিন বিনা বেতনে ট্রেনিং হিসেবে দেখানো হয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘ঢাকা ও খুলনার বিভিন্ন কোম্পানিতে সিকিউরিটি গার্ড (নিরাপত্তাকর্মী) সরবরাহ করা আমাদের মূল কাজ। যশোর শহরে এই প্রতিষ্ঠান ছয় মাস আগে চালু হয়েছে।’
ঢাকা বা খুলনার যেসব প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী সরবরাহ করেছেন, সেসব প্রতিষ্ঠানের নাম-ঠিকানা জানতে চাইলে ওই কর্মকর্তা তা জানাতে পারেননি।