সিলেটে দলীয় মেয়র প্রার্থীকে জেতাতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে কর্মিসভা করবে আওয়ামী লীগ

সিলেট সিটি নির্বাচন উপলক্ষে গত বৃহস্পতিবার নগরের একটি রেস্তোরাঁয় জরুরি সভা করে মহানগর আওয়ামী লীগ। আগামী ৪ মে কেন্দ্রীয় নেতাদের নিয়ে তাঁরা কর্মিসভা করবেন
ফাইল ছবি: প্রথম আলো

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর জয় নিশ্চিতে করণীয় ঠিক করতে কাল রোববার সন্ধ্যা সাতটায় জরুরি সভা করবে জেলা আওয়ামী লীগ। এ ছাড়া কেন্দ্রের গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিতিতে ৪ মে সন্ধ্যায় কর্মিসভা হবে।

মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নগরের বালুচর এলাকার আমান উল্লাহ কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের কর্মিসভা হবে। তবে এতে দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত থাকবেন। অন্যদিকে জেলা পরিষদ মিলনায়তনে কাল সন্ধ্যা সাতটায় জেলা আওয়ামী লীগের জরুরি সভা হবে।

এর আগে ১৫ এপ্রিল মেয়র পদে দলীয় মনোনয়ন পান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরীসহ দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১১ জন। মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে কখনোই সক্রিয় না থাকা প্রবাসী এ নেতার মনোনয়নে ভেতরে-ভেতরে মনোনয়নপ্রত্যাশীরাসহ দলটির নেতা-কর্মীদের মধ্যে ‘চাপা ক্ষোভ’ আছে। এটি সামাল দিতেই আওয়ামী লীগ জরুরি সভা ডেকে নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার উদ্যোগ নেয়। এর আগে গত বৃহস্পতিবার জরুরি সভা করে মহানগর আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ৪ মে অনুষ্ঠিতব্য কর্মিসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা জেবুন্নেসা হক, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কমিটির সদস্য মুশফিক হোসেন চৌধুরী ও আজিজুস সামাদ ডন এবং উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত থাকার কথা আছে। সেখানে দলের কেন্দ্রীয় নেতারা মেয়র প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেবেন।

এ বিষয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নবঞ্চিত সব নেতাসহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমি আলাপ করেছি। অতীতের যেকোনো সময়ের তুলনায় দল এখন ঐক্যবদ্ধ ও সংগঠিত। আওয়ামী লীগে কোনো বিভেদ বা দ্বন্দ্ব নেই। নৌকা প্রতীককে বিজয়ী করতে এরই মধ্যে দলের সব পর্যায়ের নেতা-কর্মীরা আন্তরিকভাবে কাজ শুরু করেছেন। মনোনয়নবঞ্চিত নেতারাও নৌকা প্রতীকের সমর্থনে কাজ শুরু করেছেন।’