
পটুয়াখালীর কুয়াকাটাগামী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা-বাবাসহ অন্তত ২০ জন। এর মধ্যে শিশুটির মা-বাবাসহ ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। আজ বুধবার ভোর চারটার দিকে পটুয়াখালী সেতুর উত্তর পাড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম রোজা। মেয়েটির মা জেসমিন আক্তার (৩০) পায়ে আঘাত পেয়েছেন এবং তার বাবা রিয়াজুল ইসলামও (৩৫) গুরুতর আহত। শিশুটির বাবা রিয়াজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় বলেন, তিনি একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করেন। মেয়ে ও স্ত্রীকে নিয়ে কুয়াকাটা বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে স্ত্রী ও মেয়ে কোথায়, কী অবস্থায় আছেন, তিনি জানেন না।
হাসপাতালে চিকিৎসাধীন আহত অন্য ব্যক্তিরা হলেন—জোনাইত (১৩), মাঈনউদ্দিন (৩৫), মুছা মিয়া (৫২), আজাহার মিয়া (৪৫), মো. সেলিম (৩৮), মো. ইব্রাহিম (৩৪), ইউনুস আলী (৪০), দুখরাম (৫০), মামুন মিয়া (৩৭), মো. ফারুক (৩৮), কামরুজ্জামান গিয়াস (৩৫), নাজমুল হাসান (৩০), জাকির হোসেন (৩৮), মোহাম্মদ মির্জা (৩৩) ও সুমন (২৫)।
পুলিশ ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ইকোনো পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার আবদুল্লাহপুর থেকে গতকাল মঙ্গলবার রাত ১০টায় কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি আজ ভোরে পটুয়াখালী সেতু অতিক্রম করার আগেই চালক নিয়ন্ত্রণ হারান। তখন বাসটি ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জেসমিন নামের এক নারীর বাঁ পা শরীর থেকে প্রায় আলাদা হয়ে গেছে। তাঁর অস্ত্রোপচার চলছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জান বলেন, দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। রেকার দিয়ে বাসটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।