পিপলস নিউ কলোনিতে ৩৬৪ পরিবারের বাস। কারও কোনো হোল্ডিং নম্বর নেই। অন্যের থেকে বেশি মূল্যে বিদ্যুতের ব্যবস্থা করতে হয়েছে তাঁদের।

খুলনা নগরের খালিশপুর পিপলস গোলচত্বরের অদূরে পিপলস জুটমিলের সুবিশাল খেলার মাঠ। মাঠের মধ্যে ফুটবলের গোলবার, ক্রিকেটের পিচ সবই রয়েছে। তবে বিশাল এই মাঠের বিভিন্ন অংশে রাশি রাশি ময়লার স্তূপ। আশপাশের বাসিন্দাদের অনেকেই ঘরের ময়লা–আবর্জনা মাঠের মধ্যে ফেলছেন।
মাঠসংলগ্ন এলাকা পিপলস পাঁচতলা কলোনি। পাঁচতলা করে আটটি ভবন নিয়ে গঠিত ওই কলোনির ঈদগাহের পেছনে মাথাসমান উঁচু ময়লার স্তূপ। কলোনির বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘“গৃহস্থালি বর্জ্য সংরক্ষণ বিন” লেখা ছোট একটা ময়লা ফেলার পাত্র সিটি করপোরেশন থেকে দিয়েছে। কিন্তু সেসব ময়লা কেউ নিয়ে যায় না। বাধ্য হয়ে আমরা মাঠে গিয়ে ময়লা ফেলি। যে যেখানে পারে ময়লা ফেলছে।’
মাঠের একটা পাশে পিপলস নিউ কলোনি। ওই শ্রমিক কলোনিতে ৩৬৪ পরিবারের বাস। তবে ওই সব পরিবারের কারও কোনো হোল্ডিং নম্বর নেই। এ কারণে কারও নিজের বিদ্যুতের মিটারও নেই। অন্যের থেকে বেশি মূল্য পরিশোধ করে বিদ্যুতের ব্যবস্থা করতে হয়েছে তাঁদের। একই কারণে ওয়াসার সংযোগ না পৌঁছায় পানি নিয়েও তাঁদের দুর্গতি চরমে।
ওই কলোনির বাসিন্দা ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুর রাজ্জাক খান বলেন, ‘ভোটার হলেও হোল্ডিং নম্বর না থাকায় আমরা নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এখানে পানির অনেক সংকট। আমাদের এখানে ময়লা নেওয়ার জন্য নিজেদের টাকায় লোক রেখেছি।’
ভোটার হলেও হোল্ডিং নম্বর না থাকায় আমরা নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এখানে পানির অনেক সংকট। আমাদের এখানে ময়লা নেওয়ার জন্য নিজেদের টাকায় লোক রেখেছি।মো. আবদুর রাজ্জাক খান, পিপলস নিউ কলোনির বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা
৭ মে সরেজমিনে ওয়ার্ডের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, খালিশপুর অঞ্চলের পাটকল শ্রমিকদের বড় একটা অংশই এই ওয়ার্ডে থাকতেন। মিল-কারখানা বন্ধ হওয়ায় অনেকে এলাকা ছেড়েছেন। প্লাটিনাম শ্রমিক কলোনিতে এখন কেউ থাকেন না। এলাকায় কিছু রাস্তাঘাটের কাজ হয়েছে। তবে খেলার মাঠ, নালার স্ল্যাবের ওপরসহ বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ। ওয়ার্ডের বেশির ভাগ জায়গা অপরিচ্ছন্ন। এলাকায় সুপেয় পানির সংকট, মশা ও মাদকের দৌরাত্ম্যের পাশাপাশি আছে কিশোর গ্যাংয়ের উৎপাত। ওয়ার্ডে জন্মনিবন্ধন করতে সরকারি ফিসের চেয়ে অনেক বেশি টাকা নেওয়ার অভিযোগ আছে। এমনকি বয়স্ক ভাতাসহ অন্যান্য ভাতার কার্ড করার ক্ষেত্রে ভাতার একটা অংশ কাউন্সিলরের কাছের মানুষদের দিতে হয় বলে অনেকের অভিযোগ।
এসব ব্যাপারে জানতে চাইলে ১১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মুনশী আবদুল ওদুদ বলেন, ‘এলাকার রাস্তাঘাট, নালার উন্নয়ন করা হয়েছে। কিছু কাজ চলমান রয়েছে। পিপলস নিউ কলোনিতে হোল্ডিংয়ের ব্যবস্থা করার চেষ্টা করব।’ জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকার বিষয়ে তিনি বলেন, ‘কথা ওঠার পর এখন জন্মনিবন্ধনের জন্য টাকা সরাসরি ব্যাংকে নেওয়া হচ্ছে। আর অন্যান্য ভাতা থেকে টাকা নেওয়ার কোনো সুযোগই নেই।’
নগরের খালিশপুর থানা এলাকার ৯টি ওয়ার্ডের মধ্যে ভোটার সংখ্যা বিবেচনায় ১০ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বৃহত্তম ওয়ার্ড। ৬ মে সরেজমিনে দেখা গেছে, ওয়ার্ডে অন্যতম বড় সড়ক ১৮ নম্বর রোড ও মার্কেট সড়ক বেহাল। তবে ভেতরের সড়কগুলো উন্নত করা হয়েছে। এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও সুপেয় পানিরও তেমন সংকট নেই। তবে এই এলাকার পৌর সুপার মার্কেটটি জৌলুশ হারানোয় ব্যবসায়ীরা চরম বিপাকে।
কাউন্সিলর প্রার্থীসহ ওয়ার্ডের অন্তত ৩০ জন বাসিন্দা বলেছেন, ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা মাদক। এলাকার প্রায় প্রত্যেক মোড়েই মাদক ব্যবসার আখড়া। বর্তমান কাউন্সিলরের লোকজনই এসব নিয়ন্ত্রণ করে থাকেন। এলাকায় সালিশেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
এসব ব্যাপারে জানতে চাইলে ওয়ার্ডের কাউন্সিলর কাজী তালাত হোসেন বলেন, ‘আমার সময়ে ৫৬টা রাস্তা ও ১০৯টা কালভার্টের উন্নয়ন করা হয়েছে। প্রতি মাসে এলাকার বর্জ্য নিজের টাকা দিয়ে সংগ্রহ করি। পৌর সুপার মার্কেটে নতুন দরপত্র হয়ে কার্যাদেশও দেওয়া হয়ে গেছে। শিগগিরই কাজ শুরু হবে।’ মাদকের বিষয়ে তিনি বলেন, ‘এর সঙ্গে আমার লোকজন জড়িত এটা প্রোপাগান্ডা। তবে নির্বাচনের পর সবাইকে নিয়ে একটা বড় সভা করে অনুমতি নিয়ে মাদক ব্যবসায়ীর লিস্ট প্রকাশ করব। এরপর আমি নিজেই অ্যাকশনে নামব।’