সৌদি আরবে নিহত প্রবাসী মফিজুর রহমান
সৌদি আরবে নিহত প্রবাসী  মফিজুর রহমান

মৃত্যুর আগে আহত প্রবাসী জানালেন শেষ ইচ্ছা, মক্কায় দাফন করা হোক তাঁকে

সৌদি আরবের পবিত্র মক্কা নগরে এক সড়ক দুঘর্টনায় চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মফিজুর রহমান (৬৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত মফিজুরের ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর মক্কাতেই দাফন করা হবে তাঁকে।

পরিবারের সদ্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝেরঘাটার বাসিন্দা মফিজুর পরিবারের একমাত্র উপাজর্নক্ষম ব্যক্তি ছিলেন। পাশাপাশি লাশ মক্কায় দাফন হলে স্বজনেরা শেষবার তাঁর মুখও দেখতে পারবেন না।

মফিজুরের বড় ছেলে তারেকুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১টার দিকে সৌদিপ্রবাসী এক ব্যক্তি তাঁর বাবার মুঠোফোন থেকে তাঁদের ফোন করে মৃত্যু সংবাদ দেন। গত সোমবার রাতে তারাবিহর নামাজ পড়ে বাসায় ফেরার পথে হঠাৎ একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা লোকজন উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেন তাঁকে। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

তারেকুর রহমান বলেন, ‘আমার বাবার কফিল (নিয়োগকর্তা) তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন। বাবা মুমূর্ষু অবস্থায় কফিলকে অনুরোধ করেছিলেন, মৃত্যু হলে যেন তাঁকে মক্বায় দাফন করা হয়। ইচ্ছা অনুযায়ী তাঁকে মক্কায় দাফন করা হবে।’

মফিজুর রহমানের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মফিজুর ১২ বছর ধরে মক্কায় জীবিকার তাগিদে বসবাস করছেন। যখন যে চাকরি পেতেন, তা করেই সংসার চালাতেন তিনি। সর্বশেষ গত ২০০৯ সালে দেশে আসেন তিনি। একমাত্র উপার্জক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে ভাসছেন পরিবারের সদস্যরা।