সীতাকুণ্ডে ২৪ মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পৌর সদরের মহাদেবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানার পুলিশ। মামুনের বিরুদ্ধে ২০১৩ সালে হওয়া দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা আছে।

পুলিশ দাবি করেছে, ২০১৩ সালে সীতাকুণ্ডে যে আগুন–সন্ত্রাস হয়েছিল তার সঙ্গে মামুন যুক্ত ছিলেন। মামুন সীতাকুণ্ড পৌরসভায় জনমনে আতঙ্ক সৃষ্টিকারী দুর্ধর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারী চাঁদাবাজ বলে পুলিশের ভাষ্য। তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইন, দ্রুত বিচার আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারার ২৪টি মামলা আছে। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোবহানবাগ এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর এলাকায় বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে দলবল নিয়ে অবস্থান করেছিলেন মামুন রেজা। খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি দল ওই এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।