৫৯ জন শ্রমিক কাজ না করে ৩ দফায় অন্তত ২৪ লাখ টাকা তুলে নিয়েছেন।
তাঁদের মধ্যে ইউপি সদস্য, তাঁদের সন্তান, মা-ভাইসহ অন্য স্বজন রয়েছেন।
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে কাজ না করেও অনেকে টাকা তুলছেন। ৫৯ জন শ্রমিক কাজ না করে ৩ দফায় অন্তত ২৪ লাখ টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ব্যবস্থা না নিলে চতুর্থ দফায় তাঁরা ৯ লাখ ৪৪ হাজার টাকা তুলে নেবেন।
ওই ৫৯ জনের মধ্যে ইউপি সদস্য, তাঁদের সন্তান, মা-ভাইসহ অন্য স্বজন, ইউপি চেয়ারম্যানের বাড়ির কর্মচারী, অনুসারী, গ্রাম পুলিশ সদস্যের বাবা-ছেলে ও চাকরিজীবীর নাম রয়েছে। গত ২৭ ও ২৮ মে সরেজমিনে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক ও সরদারের সঙ্গে কথা বলে এবং তালিকা ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।
পিআইও জানিয়েছেন, বিষ্ণুপুর ইউনিয়নে কিছুটা সমস্যা আছে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ দফায় ওই ইউনিয়ন পরিষদে ৪০ দিনের কর্মসৃজনের কাজ শুরু হয়েছে গত ১৫ এপ্রিল। ৯ ওয়ার্ডের ৯টি প্রকল্পে তালিকাভুক্ত শ্রমিক রয়েছেন ১৭৬ জন। তাঁরা সড়ক–মাঠ সংস্কারসহ মাটি ভরাটের কাজ করছেন।
ওই ইউপির চেয়ারম্যান হলেন শান্তু চৌধুরী। তিনি স্থানীয় সংসদ সদস্য ও পৌরসভার মেয়রের ভাই।
২৭ মে সকাল ১০টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকশীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে গিয়ে দেখা যায়, ১১ জন শ্রমিক মাঠ সংস্কার করছেন। তাঁরা জানান, ওয়ার্ডে মোট শ্রমিক ১৭ জন। শ্রমিকদের অভিযোগ, আরিফুল ইসলাম, সোহেল বাবু, শাহিন আলম, শফিকুল ইসলাম, ছাব্বির আলী ও মাসুদ আলম কাজ করেন না, কিন্তু টাকা তোলেন।
ওই দিন দুপুরে ২ নম্বর ওয়ার্ডের ১৯ শ্রমিকের ১৪ জনকে বিধিবহির্ভূতভাবে কাজ করতে দেখা গেছে ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামের ঘৃণই নদের পাশে। তাঁরা এ সময় নদীর মাটি তুলে পাশের নিচু জমি ভরাট করছিলেন। এ সময় শ্রমিকেরা জানান, জমিটা ইউপি চেয়ারম্যান শান্তু চৌধুরীর। তালিকা অনুযায়ী অনুপস্থিত শ্রমিকদের মধ্যে রয়েছেন প্রকল্পের সভাপতি ওই ওয়ার্ডের ইউপি সদস্য এজারুল হক। বাকী চারজন ইউপি চেয়ারম্যানের অনুসারী।
এজারুল হক বলেন, ‘সব মেম্বার দু-একটি করে নাম দিয়ে টাকা তুলছেন। আমিও আমার নাম দিয়ে তুলছি।’
অভিযোগ রয়েছে, ৩ নম্বর ওয়ার্ডে ১৮ জন শ্রমিকের মধ্যে আবেদা খাতুন, হারুন মিয়া, মিনারা খাতুন, মোজাহিদুল ইসলাম, রাজিয়া খাতুন ও রিয়াজুল ইসলাম কাজ করেন না। দলের সরদার আবু সাঈদ বলেন, অনুপস্থিত রাজিয়া খাতুন চেয়ারম্যানের বাসার পরিচারিকা। অন্য পাঁচ শ্রমিক ইউপি সদস্য রুপালী খাতুন ও ইউপি চেয়ারম্যানের লোক। তাঁদের মাটি কাটতে হয় না।
৪ নম্বর ওয়ার্ডে ১৮ জন শ্রমিকের মধ্যে কাজ করেন না ৪ জন। তিনজন ইউপি সদস্য ফজলুল হকের আস্থাভাজন। তাঁর ছেলে সুমন আলী শ্রমিকদলের সরদার। সুমন বদরগঞ্জ পৌরসভায় চাকরি করেন।
৫ নম্বর ওয়ার্ডে ১৬ শ্রমিকের ৮ জন কাজ করেন না। তাঁদের মধ্যে রয়েছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হাইয়ের ছেলে সাইদার হোসেন ও বিপ্লব হোসেন, ইউপি সদস্য নাজমা খাতুনের ভাতিজা মাহমুদুল হাসান, আবদুল কাইয়ুম ও ভাতিজি লাইলী বেগম।
আট শ্রমিকের অভিযোগ, অফিস খরচের কথা বলে শ্রমিকদলের সরদার আকমল হোসেন ২০০ টাকা করে নিয়েছেন। কিন্তু আকমল তা অস্বীকার করেছেন।
৬ নম্বর ওয়ার্ডে ১৮ শ্রমিকের মধ্যে ৫ জন এবং ৭ নম্বর ওয়ার্ডে ১৯ শ্রমিকের মধ্যে কাজ করেন না ৭ জন। ইউপি সদস্য রাশেদ আলমের মা রাশেদা বেগম, ভাতিজা সিরাজুল ইসলাম, গ্রাম পুলিশের সদস্য সাবলু উদ্দিনের বাবা জমির উদ্দিন, অপর গ্রাম পুলিশ সদস্য মোসলেম উদ্দিনের ছেলে মোরশেদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আজিজুল হকের ছেলে হুমায়ূন হোসেন, ইউপি সদস্য মোর্শেদা খাতুনের মেয়ের শ্বশুর আকতারুল হোসেন ও চেয়ারম্যানের ঘনিষ্ঠ রনজু আহম্মেদকে কাজ করতে হয় না। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রমিকদলের সরদার লিটন বাবু। শ্রমিকদের কাছে লিটনের বিরুদ্ধেও ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। লিটন বলেন, ‘অফিসে যাতায়াতে খরচ হওয়ায় টাকা নিয়েছি।’
ইউপি সদস্য রাশেদ আলম তাঁর দুই ছেলে ও মায়ের নামে টাকা উত্তোলনের কথা স্বীকার করে বলেন, ‘চেয়ারম্যানের বাড়ির সব কর্মচারীর নাম কর্মসৃজনের তালিকায় রয়েছে। তাঁদের কাজ করতে হয় না। আমি চাই, ইউনিয়নে দুর্নীতি বন্ধ হোক।’
৮ নম্বর ওয়ার্ডে ৩৩ শ্রমিকের মধ্যে ১৮ জন এবং ৯ নম্বর ওয়ার্ডে ১৮ শ্রমিকের মধ্যে নিয়মিত কাজ করছেন ১৩ জন। ৯ নম্বর ওয়ার্ডের প্রকল্পের সভাপতি ইউপি সদস্য বিরাজ উদ্দিন মাহমুদ বলেন, ‘আমার এখানে কয়েকজন কাজ না করে টাকা তোলেন।’ শ্রমিকদের হিসাব অনুযায়ী, কাজ না করে ইতিপূর্বে ৩ দফায় ৫৯ জন শ্রমিক ১০৩ দিনের মজুরি ২৪ লাখ ৩০ হাজার ৮০০ টাকা তুলে নিয়েছেন।
ইউপি চেয়ারম্যান শান্তু চৌধুরী বলেন, ‘কর্মসৃজনের তালিকায় আমার ২০-২৫ জন শ্রমিক রয়েছেন। তাঁরা কয়েক দিন ধান কাটার কাজে ব্যস্ত থাকায় কর্মসৃজনের কাজ করেননি। এসব কাজ বুঝে নেওয়ার দায়িত্ব পিআইওর। আমার জমিতে শ্রমিকেরা মাটি কাটেননি।’
পিআইও বাবুল চন্দ্র রায় বলেন, ‘গত ১৫ এপ্রিল চতুর্থ দফায় কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিষ্ণুপুর ইউনিয়নে কিছুটা সমস্যা আছে, আমরা ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ বলেন, ‘কর্মসৃজনের তালিকায় নাম থাকলে কাজ করতে হবে। অনিয়মগুলো পিআইওকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলব।’