
গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের বারতোপা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত আবদুল বাতেনকে (৪৫) গুরুতর আহত অবস্থায় প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি গলদাপাড়া গ্রামের হাসেন ব্যাপারীর ছেলে।
একই গ্রামের মো. আজমলের (২৬) বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজমলসহ গ্রামের আরও ৮ থেকে ১০ জন মিলে এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আবদুল বাতেনের স্বজনেরা।
বাতেনের বোনের স্বামী মো. ইব্রাহীম প্রথম আলোকে বলেন, মো. আজমল আহত আবদুল বাতেনের ভাতিজা। বেশ কয়েকজন সঙ্গী ও পরিবারের লোকজনকে নিয়ে দীর্ঘদিন ধরেই গলদাপাড়া এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করছেন। আবদুল বাতেন এসব কর্মকাণ্ডে অনেক আগে থেকে বাধা দিয়ে আসছেন। গতকাল দুপুরে এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে আবারও সতর্ক করেন তিনি। এ নিয়ে তাঁর সঙ্গে আজমলের বাগ্বিতণ্ডা হয়।
মো. ইব্রাহীমের ভাষ্য অনুযায়ী, বাগ্বিতণ্ডার একপর্যায়ে আজমল তাঁর কয়েকজন সঙ্গী ও পরিবারের লোকজন নিয়ে বাতেনের ওপর হামলা করেন। আজমল ধারালো দা দিয়ে বাতেনের শরীরে আঘাত করেন। দায়ের আঘাতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। মো. ইব্রাহীম বলেন, বর্তমানে তাঁরা রোগী নিয়ে ব্যস্ত আছেন। এ ঘটনায় থানায় মামলা করবেন।
বক্তব্য জানতে অভিযুক্ত আজমলের ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম প্রথম আলোকে বলেন, ঘটনাটি শুনেছেন। খোঁজ নিয়ে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।