বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর এলাকায় জ্বলছে না সড়কবাতি। হেডলাইটের আলোই ভরসা যানবাহন চালকদের। গতকাল রোববার সন্ধ্যার চিত্র
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর এলাকায় জ্বলছে না সড়কবাতি। হেডলাইটের আলোই ভরসা যানবাহন চালকদের। গতকাল রোববার সন্ধ্যার চিত্র

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে

বিদ্যুৎ বিল বকেয়া, দৃষ্টিনন্দন ভাঙ্গা গোলচত্বরে সড়কবাতি জ্বলে না দেড় মাস

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর এলাকার সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। ফলে ৪৯ দিন ধরে এক্সেপ্রেসওয়ের এই গুরুত্বপূর্ণ অংশে সড়কবাতি জ্বলছে না। সন্ধ্যা নামলেই সেখানে নেমে আসে অন্ধকার। ভোগান্তিতে পড়তে হচ্ছে সড়কে চলাচলকারী যানবাহন চালক ও স্থানীয় লোকজনের।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক্সপ্রেসওয়েটির দেখভালের দায়িত্বে আছে মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আট মাস ধরে প্রতিষ্ঠানটি বিল পরিশোধ করেনি। জমতে জমতে বকেয়া টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৩১ লাখ ৬৩ হাজার ৫২৫ টাকা। সাত দফা তাগাদা দিয়েও বিল না পাওয়ায় গত ৬ জুন সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। সময় মতো বরাদ্দের টাকা না পাওয়ায় বিল পরিশোধ করা যাচ্ছে না বলে দাবি সওজের।

২০২২ সালের ২৫ মে এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশ পথ ভাঙ্গা গোলচত্বরটি দর্শনীয় স্থানে পরিণত হয়। দৃষ্টিনন্দন এই এলাকায় প্রতিদিন বিভিন্ন এলাকার শত শত মানুষ এখানে ঘুরতে আসেন। আড্ডা দিয়ে সময় কাটান। এদের জন্য কিছু অস্থায়ী ভাসমান দোকানও গড়ে উঠেছে ওই চত্বরে। বিদ্যুৎ না থাকায় দর্শনার্থীদের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে ওই সব ব্যবসায়ীরা।

সন্ধ্যা নামতেই ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয় ভাঙ্গা গোলচত্বর এলাকায়। গতকাল রোববার সন্ধ্যায়

গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ভাঙ্গা গোলচত্বর এবং আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এর মধ্যে হেডলাইট জ্বালিয়ে দ্রুতগতিতে যাতায়ত করছে দূরপাল্লার যানবাহন। সড়কের এক পাশ থেকে আরেক পাশে দেখা যাচ্ছে না কিছুই। অন্ধকারে লোকজনের চলাচলও কম।

রাত সাড়ে ৮টার দিকে গোলচত্বরে কথা হয় আইসক্রিম বিক্রেতা মো. টোকন মিয়ার (৪৯) সঙ্গে। কিশোরগঞ্জের এই বাসিন্দা এক্সপ্রেসওয়ে চালুর পর ভাঙ্গা কাফুরা এলাকায় একটি ভাড়া বাসায় থেকে ব্যবসা করছেন। টোকন মিয়া বলেন, কারেন্ট না থাকায় বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছে। লোকজন বেশি আসে না। আগে প্রতিদিন চার হাজার টাকা বিক্রি হতো, এখন এক হাজার টাকা করা কষ্টকর।

গোলচত্বরে প্লাস্টিকের রকমারী ফুল বিক্রি করেন ভাঙ্গার আতাদী এলাকার মো. আনসার উদ্দিন (৪১)। তিনি বলেন, আগের চেয়ে অর্ধেক লোকও এখন আসে না। কারেন্ট না থাকায় এখানে গাড়িগুলোও থামে না। বেচাকেনা না থাকায় কাহিল হয়ে পড়েছেন।

ভুতুড়ে পরিবেশে অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা করছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম। তিনি বলেন, ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকা খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। ২৩ জেলার প্রবেশদ্বার। তাই আইনশৃঙ্খলা রক্ষাসহ সব ক্ষেত্রে রাতে সার্বক্ষণিক বিদ্যুৎ সচল থাকা প্রয়োজন। এ পর্যন্ত বিদ্যুৎ না থাকলেও বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে ঘটতে কতক্ষণ?

একটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন না করায় আতাদী উড়াল সড়কের দুই পাশের ৬২টি সড়কবাতি জ্বলে। গতকাল সন্ধ্যায় ভাঙ্গার বগাইল এলাকায়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মহাসড়ককে জাতীয় স্থাপনা হিসেবে উল্লেখ করে ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এমন একটি স্থাপনার বিদ্যুৎ বিল পরিশোধ না করা এবং বিল না পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া কাম্য নয়। এ জাতীয় স্থাপনার রক্ষণাবেক্ষণ আন্তমন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে হওয়া উচিত।’

এক্সেপ্রেসওয়েতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। প্রতিষ্ঠানটির ভাঙ্গা কার্যালয় সূত্রে জানা গেছে, এক্সপ্রেওেয়ের ভাঙ্গা চৌরাস্তা এবং বগাইল টোল প্লাজার নিচে দুই পাশে দুটিসহ মোট তিনটি ইন্টারচেঞ্জ এলাকায় বিদ্যুতের তিনটি মিটার রয়েছে। এর মধ্যে গোলচত্বরের মিটারটি সবচেয়ে বড়। এ তিন মিটারে মাসে চার থেকে সাড়ে চার লাখ টাকার বিদ্যুৎ বিল আসে। গত অক্টোবর মাস থেকে বিল দেওয়া বন্ধ করে দেয় সড়ক বিভাগ। বারবার তাগিদ দেওয়ার পরও বিলের বকেয়া টাকা জমা না দেওয়ায় ৬ জুন থেকে ভাঙ্গার ইন্টারচেঞ্জ এলাকার দুটি মিটারের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এর ফলে ভাঙ্গা গোলচত্বরের সম্পূর্ণ অংশ, গোলচত্বর থেকে বগাইল টোল প্লাজা সড়কের দুই পাশে বিদ্যুৎ বন্ধ রয়েছে। অবশ্য বিল বকেয়া থাকলেও একটি মিটারের সংযোগ চালু রয়েছে। যেটা দিয়ে শুধু আতাদী উড়াল সড়কের দুই পাশের ৬২টি সড়কবাতি জ্বলে।

ওজোপাডিকো ভাঙ্গার উপবিভাগীয় প্রকৌশলী সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকালও মুন্সিগঞ্জ সড়ক বিভাগ জানিয়েছে বরাদ্দ না পাওয়ায় তারা বিল পরিশোধ করতে পারছে না। এই প্রকৌশলী অভিযোগ করেন, সওজের প্রকৌশলীরা এ বকেয়া বিলের জন্য নিজে থেকে কখনো ফোন পর্যন্ত করেন না, যা যোগাযোগ তাঁদের নিজে থেকে করতে হয়।

সন্ধ্যা নামলেও জ্বলেনি সড়কবাতি। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। গতকাল ভাঙ্গার বগাইল এলাকায়

মুন্সিগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, ‘বকেয়া বিলের জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ একাধিকবার অবহিত করেছে। কিন্তু কী করব, এতে টাকা বিল পরিশোধের জন্য ফান্ডে টাকা নেই।’ তিনি বলেন, ওই এলাকায় প্রতিনিয়ত বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটছে, তা মেরামতের জন্যও খরচ গুনতে হচ্ছে।

ধাপে ধাপে বিল পরিশোধ করা হবে উল্লেখ করে মুন্সিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী নাহির রেজা প্রথম আলোকে বলেন, জুন মাসে সাধারণত মন্ত্রণালয় টাকা ছাড় দেওয়া হয়। এবারও টাকা দেওয়া হয়েছে। তবে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে, তা বকেয়ার তুলনায় অনেক কম। তাঁদের সমগ্র এক্সপ্রেসওয়ের বিষয়টি দেখতে হয়।

এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা পার হয়ে ঢাকার দিকের অংশটি পড়েছে পল্লী বিদ্যুতের আওতায়। ফরিদপুর পল্লী বিদ্যুতের জিএম আবুল হোসেন বলেন, বকেয়া না থাকায় এই অংশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।

সমস্যার সমাধানের দাবি জানিয়ে ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা গোস্বামী বলেন, ‘ভাঙ্গা গোলচত্বরসহ এক্সপ্রেসওেয়ে শুধু দক্ষিণের ২১ জেলার প্রবেশ পথই নয়, আমাদের স্বপ্নের জায়গা। সেখানে মানুষ ভোগান্তিতে পড়ছে। বড় দুর্ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থা একজন নাগরিক হিসেবে আমি মেনে নিতে পারছি না।’