দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত, আহত ৯ জন

ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। আজ রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
ছবি: প্রথম আলো

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদনগর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুসহ ওই মাইক্রোবাসে থাকা নয়জন গুরুতর আহত হয়েছেন।

নিহত দুই ব্যক্তি হলেন দাউদকান্দি উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৬৫) ও একই উপজেলার কেতুন্দী গ্রামের বাসিন্দা দুলাল মিয়া (৬৩)। আহত ব্যক্তিরা হলেন রাবেয়া আক্তার (৩৫), পারভীন আক্তার (৪০), মোজাম্মেল হক (৪২), সোহাগ মিয়া (২৫), রমজান আলী (১৯), বাবু মিয়া (৩০), ইসরাত জাহান (১৭) ও শিশু মাহিন মিয়া (৫)।এর মধ্যে বাবু মিয়া ছাড়া আহত সবাইকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে মাইক্রোবাসের আহত চালক আবু ছালামের পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও শহীদনগর এলাকায় বাসিন্দা হাসান মিয়া বলেন, আজ সকালে ভাড়ায়চালিত লোকাল মাইক্রোবাসটি দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে যাত্রী নিয়ে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার দিকে যাচ্ছিল। পথে শহীদনগর সেতুর কাছে পৌঁছালে মাইক্রোবাসটি লোহাবোঝাই একটি ট্রাককে অতিক্রম করে। ওই সময় পথে এক যাত্রী দেখে মাইক্রোবাসটি ট্রাকের সামনে গিয়ে হঠাৎ সড়কের ওপর দাঁড়িয়ে যায়। এতে ট্রাকটি তৎক্ষণাৎ ওই মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। আর ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে উল্টে যায়।

এ সময় মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান ও চালক আবু ছালামসহ নয়জন আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেওয়ার ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মারুফ সরকার বলেন, আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ব্যক্তিদের লাশ দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে আছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রাকটি হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে আছে।