
লক্ষ্মীপুরে কম্পিউটারের দোকান থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মুঠোফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস নামের একটি কম্পিউটারের দোকান থেকে সোহেল রানা (৪০) নামের ওই দোকানিকে আটক করে পুলিশ। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ মঙ্গলবার বিকেলে মারইয়াম প্রেসে অভিযান চালায়। এ সময় দোকান থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ ঘটনাস্থলে আসেন। পরে সিলগুলোসহ একটি মুঠোফোন ও একটি কম্পিউটার জব্দ করে আটক সোহেলকে থানায় নিয়ে যাওয়া হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ভোটের সিল তৈরি করা সম্পূর্ণ অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা পুলিশকে জানিয়েছেন, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে কে বা কারা এসব সিল তৈরির অর্ডার দিয়েছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।