
মামার সঙ্গে জমি নিয়ে ভাগনের বিরোধ চলছিল। ভাগনেকে ফাঁসাতে তাঁর অটোরিকশায় লোক দিয়ে হোরোইন রাখার ব্যবস্থা করেন মামা। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ভাগনেকে আটক করেন। এ ঘটনায় করা মাদক আইনের মামলায় ভাগনে এখন কারাগারে।
তবে মামলার তদন্ত করতে গিয়ে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ভাগনেকে ফাঁসাতে এ ঘটনা সাজিয়েছেন ওই মামা। এরপর মামা ও তাঁর দুই সহযোগীকে আটক করে পুলিশ। তাঁদের নামে রাজশাহী নগরের দামকুড়া থানায় মাদক আইনে আলাদা মামলা হয়েছে। এখন মামা-ভাগনে একই কারাগারে আছেন।
ভাগনে বাবর আলী ওরফে ছবি (৫০) রাজশাহীর পবা উপজেলার নতুন কসবা গ্রামের বাসিন্দা। তিনি অটোরিকশা চালক। তাঁর মামা আবদুল হাই ওরফে টুনুর (৬৯) বাড়ি গোদাগাড়ী উপজেলার বিজয়নগর গ্রামে। তিনি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি।
মামার গ্রেপ্তার দুই সহযোগী হলেন রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার সানোয়ার হোসেন ওরফে মান্নান (৩১) ও দামকুড়া থানার গোবিন্দপুর এলাকার মো. মোমিন (২৮)।
সানোয়ার হোসেন পরের মামলার ১ নম্বর সাক্ষী। তিনি গত রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আবদুল হাইয়ের কাছ থেকে টাকা নিয়ে তাঁরা বাবরের অটোরিকশায় হেরোইন রেখেছিলেন। এই পরিকল্পনার সঙ্গে জড়িত মো. রাহাত (২৩) নামের আরেক ব্যক্তি পলাতক।
মামলা সূত্রে জানা যায়, ৫ জুন সকাল সাড়ে ৮টার দিকে পবা উপজেলার হরিপুর এলাকায় বাবর আলীর অটোরিকশার সিটের নিচে ১০০ গ্রাম হেরোইন পান দামকুড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর আকন্দ। এ সময় বাবর আলীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআই আলী আকবর বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় বাবর আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কিন্তু ঘটনার তদন্ত করতে গিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাদত আলী জানতে পারেন, বাবর আলীকে ফাঁসাতে তাঁর অটোরিকশার সিটের নিচে হেরোইন রাখার পরিকল্পনা করেন মামা আবদুল হাই। এরপর তাঁর দুই সহযোগী যাত্রী সেজে বাবর আলীর অটোরিকশায় উঠে এ ঘটনা ঘটিয়েছেন।
রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদন সূত্রে জানা যায়, বিষয়টি সন্দেহজনক হলে প্রথম মামলার সাক্ষী সানোয়ার হোসেনের মুঠোফোনের ‘কল লিস্ট’ যাচাই করা হয়। এতে সন্দেহজনক তথ্য পাওয়া গেলে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি জানান, বাবর আলীর সঙ্গে তাঁর মামা আবদুল হাইয়ের জমি নিয়ে আদালতে মামলা চলছে। তাই আবদুল হাই তাঁর ভাগনেকে ফাঁসাতে সানোয়ার হোসেনের সঙ্গে ৫২ হাজার টাকার চুক্তি করেন।
চুক্তির অনুযায়ী সানোয়ার তাঁর পরিচিত মোমিনের সঙ্গে যোগাযোগ করেন এবং হেরোইন কেনার জন্য ২০ হাজার টাকা দেন। পরিকল্পনা অনুযায়ী মোমিন ঘটনার আগের দিন ৪ জুন গিয়ে বাবর আলীর বাড়ির বাইরে অটোরিকশার আসনের নিচে হেরোইন রেখে আসেন।
এরপর ৫ জুন সকালে মোমিনের সহযোগী মো. রাহাত মুঠোফোনে কল করে বাবর আলীকে অটোরিকশা নিয়ে আসতে বলেন। এ সময় রাহাত অসুস্থতার ভান করেন এবং হাসপাতালে যাওয়ার জন্য সানোয়ারকে নিয়ে বাবরের অটোরিকশায় ওঠেন। এরপর পুলিশ গিয়ে অটোরিকশা তল্লাশি করে। এ সময় হেরোইন পাওয়া গেলে বাবরকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত আবদুল হাইয়ের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগে আরও পাঁচটি মামলা চলছে বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাবর আলীর স্ত্রী আফরোজা খাতুন প্রথম আলোকে বলেন, ১০ জন অংশীদারকে বঞ্চিত করে ২৬ বিঘা জমি ভোগদখল করছেন আবদুল হাই ও তাঁর তিন ভাই। এ জন্য তাঁর স্বামী বাদী হয়ে জমি বণ্টনের মামলা করেছেন। এ মামলা যেন পরিচালনা করতে না পারেন, সে জন্য তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে মাদক আইনের মামলায় ফাঁসিয়ে দেন আবদুল হাই।
আফরোজা খাতুন আরও বলেন, তাঁর স্বামী নির্দোষ জানিয়ে এসআই আলী আকবর আকন্দের কাছে গিয়ে তিনি কান্নাকাটি করেন। তখন এসআই আলী আকবর তাঁর স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য দুই লাখ টাকা দাবি করেন। এত টাকা নেই জানালে তিনি ৫০ হাজার টাকা দাবি করেন। পরে তিনি রাজশাহী নগর পুলিশের কাশিয়াডাঙ্গা জোনের উপকমিশনার বিভূতিভূষণ ব্যানার্জীর কাছে যান। তিনি সব শুনে তদন্ত কর্মকর্তাকে সঠিকভাবে মামলা তদন্তের নির্দেশ দেন এবং আসল ঘটনা বেরিয়ে আসে।
তবে টাকা চাওয়ার অভিযোগ সত্য নয় দাবি করে এসআই আলী আকবর আকন্দ প্রথম আলোকে বলেন, আসল ঘটনা জানা গেছে। ওই ষড়যন্ত্রকারীদের তাঁরা গ্রেপ্তার করেছেন।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, আবদুল হাই ও অপর আসামি মোমিনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। বুধবার এর শুনানি হওয়ার কথা রয়েছে।