
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন নগরের সেবক হিসেবে পাশে থাকতে চেয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজে তিনি ইশতেহার ঘোষণা করেন।
লিখিত ইশতেহারে এম এম নিয়াজ উদ্দিন বলেন, পল্লিবন্ধু এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুর সিটিকে বাংলাদেশে একটি মডেল সিটি হিসেবে গড়ে তোলাই আমার দীর্ঘদিনের স্বপ্ন, যা আপনারা পূর্বে আমার উন্নয়নে দেখেছেন। এই স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আপনার দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।
জাপার সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়ার সভাপতিত্বে ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য মনোয়ার হোসেন, হারুন অর রশিদ, শেখ মাসুদুল আলম, জাকির হোসেন প্রমুখ।
আধুনিক স্থাপত্যবিদ ও নগর পরিকল্পনাকারীদের সহযোগিতায় গাজীপুর মহানগরকে একটি পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে ইশতেহারে বেশ কিছু অঙ্গীকার করেন জাপার প্রার্থী। ইশতেহারে শিক্ষায় বেশ জোর দিয়েছেন তিনি। এ বিষয়ে বলা হয়েছে, মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সৃজনশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্বমানের স্কুল, কওমি মাদ্রাসা, কলেজ ও গাজীপুর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা। প্রতিটি থানায় একটি করে কারিগরি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
নাগরিকদের সহযোগিতায় পেশিশক্তি, মাস্তানি, টেন্ডারবাজিসহ সব অনৈতিক প্রভাব বলয় থেকে সিটিকে মুক্ত করা হবে জানিয়ে ইশতেহারে এম এম নিয়াজ উদ্দিন বলেন, নগরকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা হবে।
ইশতেহারে আরও বলা হয়, যোগাযোগক্ষেত্রে যানজট নিরসনের জন্য জয়দেবপুর রেল ক্রসিংয়ে ফ্লাইওভারসহ বিভিন্ন স্থানে ফ্লাইওভার নির্মাণ করা হবে। নগরবাসীর চলাচলের জন্য চক্রাকার সিটিবাস ও ঢাকা পর্যন্ত বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করার পাশাপাশি উন্নত মানের বাস টার্মিনাল ও বাস স্টপেজ নির্মাণ করা হবে। প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হেলথ সেন্টার করার মাধ্যমে সর্বসাধারণের চিকিৎসাসেবার ব্যবস্থা করা হবে।
পোশাককর্মীদের নিরাপদ আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়, নগরের ৯টি থানায় আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ৯টি আবাসিক জোন করা হবে। শিশুপার্ক নির্মাণ করা হবে প্রতিটি ওয়ার্ডে। নগরের দুস্থ এবং অসহায় ভূমিহীন পরিবারের জন্য বাড়ি নির্মাণ করা হবে। পরিচ্ছন্ন গাজীপুর নগরী গড়ার লক্ষ্যে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে আবর্জনা অপসারণে কার্যকর পদক্ষেপ করা হবে। বর্জ্য সংগ্রহ করে বিজ্ঞানসম্মত উপায়ে রিসাইক্লিংয়ের ব্যবস্থা করা হবে।
প্রতিটি ওয়ার্ডে মসজিদ, ঈদগাহ মাঠ, কবরস্থান, মন্দির, অন্যান্য উপাসনালয় ও কমিউনিটি সেন্টার নির্মাণ করার কথা বলা হয়েছে ইশতেহারে। সবুজ গাজীপুর গড়ে তোলার লক্ষ্যে বছরে কমপক্ষে তিন লাখ বৃক্ষ রোপণ করা হবে। মহানগরের মধ্যকার চিলাই নদী, তুরাগ নদ, বালু নদসহ নদী ও খাল খনন করে বিশুদ্ধ পানির প্রবাহ সৃষ্টি করে নদীর পাড়ে দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। নিম্ন আয়ের পরিবারগুলোকে সাবলম্বী করতে ওয়ার্ডভিত্তিক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। কৃষিপণ্য বিক্রির জন্য মহানগরে কৃষি মার্কেট স্থাপন করা হবে। মসজিদের ইমাম ও খতিবদের নিয়মিত মাসিক সম্মাননার ব্যবস্থা করা হবে।