রাজশাহীর গোদাগাড়ী

গুঁড়িয়ে দেওয়া হলো রাস্তা আগলে দাঁড়ানো কাউন্সিলরের সেই ভবন

রাজশাহীর গোদাগাড়ীর সেই পৌর কাউন্সিলরের ভবন ভেঙে সড়ক উদ্ধারের কাজ চলছে। আজ সোমবার দুপুরে গোদাগাড়ীর সাগুয়ান ঘুন্টি এলাকায়
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়কের ওপর বানানো পৌর কাউন্সিলরের সেই ভবন ভেঙে ফেলেছে প্রশাসন। আজ সোমবার বেলা ১১টার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভবনটি ভাঙার কাজ শুরু হয়। গোদাগাড়ীর সাগুয়ান ঘুন্টি এলাকায় রেলের সরকারি জমি দখল করে ১২৫ ফুট দৈর্ঘ্যের এই ভবন বানিয়েছিলেন গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলাম ও তাঁর ভাইয়েরা।

সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত এই ভবনের কারণে সাত মাস আগে ২১ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক চালু করা যায়নি। এ নিয়ে গত ৮ জানুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় ‘কাউন্সিলরের ভবনে আটকা সড়ক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের নির্দেশে ভবনটির দোকানের মালামাল সরিয়ে নেওয়া হয়। এরপর আজ ভবনটিই ভেঙে ফেলা হলো।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গোদাগাড়ী উপজেলার প্রকৌশলী মনসুর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নির্দেশনায় এ ভবন ভাঙা হচ্ছে। তাঁরা যেভাবে বলবেন, এলজিইডি সেভাবেই ভবনটি ভেঙে রাস্তা বের করে নেবে।

২১ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করেছে এলজিইডি। গোদাগাড়ীর রেলবাজারে সড়কটির একটি নামফলক রয়েছে। এতে লেখা, ‘রেলবাজার থেকে আমনুরা সড়ক ভায়া মাওলানার গেট, ধুলিশংক রাতাহারি।’ ৭০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের সাড়ে ১৯ কিলোমিটার পড়েছে গোদাগাড়ীতে।

এলজিইডি সূত্রে জানা গেছে, ডন এন্টারপ্রাইজ ও মো. ওয়াসীমুল হক জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি নির্মাণ করছে। ২০২০ সালের ২৯ অক্টোবর এই সড়কের নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয়। মেয়াদ পার হয়ে যাওয়ার পর গত ২৭ নভেম্বর পর্যন্ত তা বাড়ানো হয়। এই সময়ের মধ্যে রাস্তার নির্মাণকাজ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গোদাগাড়ীর এক প্রভাবশালী পরিবারের এই বিপণিবিতান।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত আজ দুপুরে প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন থেকে এই ভবন ভাঙার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এলজিইডি ভবনটি ভাঙছে।