
সিলেট নগরের কাজীটুলা এলাকার মূল সড়কের পাশেই একটি দোতলা ছোট ভবন। নিচতলায় পোলট্রি মুরগি ও ডিম বিক্রির দোকান। ওপরের তলায় দুটি কক্ষ। একটি তালাবন্ধ, অপরটি ডেকোরেটার্সের দোকান। তালাবদ্ধ কক্ষটিই বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সিলেট জেলা শাখার কার্যালয়। তবে এখানে কেউ আসেন না। ফলে অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থাতেই কক্ষটি রয়েছে।
গতকাল সোমবার বেলা সোয়া দুইটার দিকে বিএনএমের ওই কার্যালয়ে গিয়ে দুটি তালা ঝুলতে দেখা গেছে। আশপাশের দোকানিরা বলেন, এটি যে রাজনৈতিক দলের কার্যালয়, তা তাঁরা জানেন না। প্রায় সাত মাস আগে এ কক্ষ কয়েকজন ব্যক্তি ভাড়া নিয়েছেন। এর পর থেকেই কক্ষটি তালাবদ্ধ আছে। তবে ভাড়া নেওয়ার পর প্রথম কয়েক দিন ‘দু-চারজন’ মানুষ এখানে সামান্য সময়ের জন্য আসতেন। তবে তাঁরা স্থানীয়ভাবে ‘অচেনা’।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনএম যে ভবনে কার্যালয় ভাড়া নিয়েছে, এর স্বত্বাধিকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তি। মালিকের মামা মো. এনাম উদ্দিন ভবনটি দেখভাল করেন। এনামের পক্ষে ওই কক্ষটি বিএনএমের কাছে ভাড়া দিয়েছেন নিচতলার ভাড়াটে ও পোলট্রি ব্যবসায়ী আমীর হোসাইন খান।
আমীর হোসাইন খান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে দোতলার কক্ষটি অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থায় ছিল। গত বছরের ১২ ডিসেম্বর একটি সংগঠনের কার্যালয় স্থাপনের কথা বলে দুজন ঠিকাদার ও শ্রমিক লীগ নেতা মাসিক দুই হাজার টাকায় কক্ষটি ভাড়া নেন। তবে ভাড়া নিলেও কক্ষটিতে সংগঠনের কোনো কার্যক্রম তাঁর চোখে পড়েনি। মিজান নামের এক ব্যক্তি এই কক্ষের ভাড়াটে বলে তিনি জানান।
তবে আমীরের সরবরাহ করা মিজানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। পরে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনএমের কোনো রাজনৈতিক তৎপরতা নগর ও জেলায় তাঁদের চোখে পড়েনি। এমনকি সংগঠনের নেতৃত্বে কারা আছেন, তা-ও তাঁরা জানেন না।
সরেজমিনে দেখা গেছে, ভবনটিতে বিএনএম দলের কোনো সাইনবোর্ড নেই। একটা নোংরা লোহার সরু সিঁড়ি মাড়িয়ে দোতলায় স্থাপন হওয়া কার্যালয়ের কক্ষটিতে যেতে হয়। কক্ষের সামনে সংগঠনের নামসংবলিত ডিজিটাল একটা লম্বা ফেস্টুন আঠা দিয়ে সাঁটানো আছে। সেখানে দলের প্রতীক, লোগোসহ লেখা আছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), সিলেট জেলা কার্যালয়, কাজিটুলা বাজার, সিলেট’।
এদিকে জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) সিলেট জেলা শাখার কার্যালয়টি নগরের উত্তর বালুচর আরামবাগ এলাকার ২ নম্বর গলিতে অবস্থিত। তবে কার্যালয়টি কত নম্বর বাসায় অবস্থিত, সেটা নির্বাচন কার্যালয় জানাতে পারেনি।
গতকাল বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত আরামবাগ এলাকা ঘুরে বিএসপি রাজনৈতিক দলটির কার্যালয়ের কোনো সাইনবোর্ড এ প্রতিবেদকের চোখে পড়েনি। স্থানীয় চারজন বাসিন্দা বলেন, বিএসপি নামে কোনো রাজনৈতিক দলের কার্যালয় তাঁদের এলাকায় আছে, এমন কোনো তথ্য তাঁদের জানা নেই।
বিএসপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহ মুহাম্মদ ইব্রাহিম মিয়া প্রথম আলোকে বলেন, সিলেটে গত এপ্রিল কিংবা মে মাসে তাঁদের ৪১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে রেজাউল করিম চৌধুরী সভাপতি ও জামাল খান সাধারণ সম্পাদক হন। নেতৃত্বে থাকা দুজনই ব্যবসায়ী। পরে ইব্রাহিম মিয়ার সরবরাহ করা মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও রেজাউল করিম খান ও জামাল খান সাড়া দেননি।
যোগাযোগ করলে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, সিলেটে দুটি রাজনৈতিক দলেরই কার্যালয় রয়েছে। তবে তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলায় ইউনিয়ন নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। ফলে সংগঠনগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য নির্বাচন শেষে কার্যালয়ে ফিরে দিতে পারবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।